বৃষ্টিতেও কাটছে না ভ্যাপসা গরম,  তাপমাত্রা নিয়ে যা জানা গেলো

বৃষ্টিতেও কাটছে না ভ্যাপসা গরম,  তাপমাত্রা নিয়ে যা জানা গেলো

নিজস্ব প্রতিবেদক

Published : ১৫:১৬, ২৯ সেপ্টেম্বর ২০২৪

বিগত কয়েকদিনের বৃষ্টিতেও দেশের বিভিন্ন অঞ্চলে ভ্যাপসা গরম যেন কাটছে না। এদিকে মধ্য প্রদেশ, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ। উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে এর একটি বর্ধিতাংশ। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় রয়েছে।

ফলে ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের অধিকাংশ জায়গায়, ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্রগ্রাম বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

এসময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রোববার (২৯ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

এদিকে সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়  ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেদিন সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।

এছাড়া মঙ্গলবার (১ অক্টোবর) রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এদিন সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি কমতে পারে।

এদিকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে বর্ধিত ৫দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।

বিডি/এন

শেয়ার করুনঃ
Advertisement