শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে কাজ করছে সরকার: গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী
Published : ০৩:৫১, ৩১ মে ২০২৬
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জনগণের রাজনৈতিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। বর্তমান সরকার তাঁর আদর্শ ও দর্শন বাস্তবায়নের ধারাবাহিকতায় কাজ করে যাচ্ছে।
শনিবার কুমিল্লার বরুড়া উপজেলায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সরকার দেশের মানুষের ভোটাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং গণতান্ত্রিক মূল্যবোধকে আরও শক্তিশালী করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে খাল পুনঃখনন, বৃক্ষরোপণ এবং পরিবেশবান্ধব উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি বলেন, উন্নয়নের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার সামাজিক কল্যাণ ও জনসেবামূলক কার্যক্রমকে অগ্রাধিকার দিচ্ছে। স্বাস্থ্যসেবা, শিক্ষা ও পরিবেশ সুরক্ষার মতো খাতে জনসম্পৃক্ত উদ্যোগগুলোকে আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।
বরুড়া উপজেলার ঝলম স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত মেডিকেল ক্যাম্পে বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় পাঁচ হাজার মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। চিকিৎসকদের একটি বিশেষজ্ঞ দল দিনব্যাপী স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান রনি এবং স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সেবামূলক সংগঠনের নেতৃবৃন্দ।































