বহুদলীয় গণতন্ত্র ও উন্নয়নের ভিত্তি গড়ে দিয়েছেন শহীদ জিয়াউর রহমান : পরিবেশমন্ত্রী
Published : ০০:২৬, ১ জুন ২০২৬
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী এবং বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এমন এক সময়ে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, যখন রাজনৈতিক অঙ্গনে গণতান্ত্রিক চর্চা প্রায় অনুপস্থিত ছিল। তাঁর দূরদর্শী নেতৃত্ব ও রাষ্ট্রচিন্তা বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অগ্রগতির ভিত্তি রচনা করেছে।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রোববার ফেনীর সোনাগাজী উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবদুল আউয়াল মিন্টু বলেন, “জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষণা দেননি, তিনি নিজে মুক্তিযুদ্ধে অংশ নিয়ে দেশকে স্বাধীন করেছেন এবং পরবর্তীতে রাষ্ট্র পরিচালনায় উন্নয়নমুখী কর্মসূচির মাধ্যমে বাংলাদেশকে নতুন সম্ভাবনার পথে এগিয়ে নিয়েছেন। দেশের উন্নয়ন ও গণতন্ত্রের ইতিহাসে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।”
তিনি বলেন, ১৯৮১ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যার পর তাঁর আদর্শ ও উন্নয়নের ধারা এগিয়ে নিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমান সেই ধারাবাহিকতায় দেশকে আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন।
দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে মন্ত্রী বলেন, দেশের বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে বিএনপির ভেতরে মতপার্থক্য বা প্রতিযোগিতা থাকতে পারে, তবে তা যেন কোনোভাবেই বিভেদ বা শত্রুতায় পরিণত না হয়। জাতীয় স্বার্থ ও দেশের উন্নয়নের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
স্থানীয় বিভিন্ন সমস্যা সমাধানে সরকারের উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, জনগণের চাহিদা ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে ধাপে ধাপে অগ্রাধিকারভিত্তিক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
মাদক ও কিশোর গ্যাং প্রসঙ্গে আবদুল আউয়াল মিন্টু বলেন, এটি এখন জাতীয় সমস্যা হিসেবে দেখা দিয়েছে। সমাজকে সুস্থ ও নিরাপদ রাখতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং রাজনৈতিক নেতৃত্বকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির মাধ্যমে শিশু-কিশোরদের খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় উৎসাহিত করা হচ্ছে, যা তাদের মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সোনাগাজী পৌর মিলনায়তনে অনুষ্ঠিত সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলুর সভাপতিত্বে এবং সদস্যসচিব সৈয়দ আলম ভূঞার সঞ্চালনায় জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্যসচিব আলাল উদ্দিন আলালসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে দুস্থ ও অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।































