সাকিব দ্রুতই ফিরছেন জাতীয় দলে: আসিফ আকবর

সাকিব দ্রুতই ফিরছেন জাতীয় দলে: আসিফ আকবর ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৪:৫৭, ৫ মার্চ ২০২৬

দেশের ক্রিকেট অঙ্গনে খুব শিগগিরই ফিরতে পারেন সাকিব আল হাসান। ক্রীড়া মন্ত্রণালয় ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র যৌথ উদ্যোগে তার বিরুদ্ধে থাকা মামলাগুলো নিষ্পত্তির প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে।

বুধবার (৪ মার্চ) দুপুরে কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এ তথ্য জানান বিসিবি পরিচালক আসিফ আকবর। এ সময় তিনি কক্সবাজার স্টেডিয়ামের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা সম্পর্কেও কথা বলেন।

আসিফ আকবর বলেন, সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরার বিষয়ে আমাদের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। বিষয়টি এখন ক্রীড়া মন্ত্রণালয়ের পর্যায়ে রয়েছে এবং তারা এ নিয়ে সক্রিয়ভাবে কাজ করছে।

একই সঙ্গে বিসিবির লিগ্যাল টিমও তার বিরুদ্ধে থাকা আইনগত জটিলতাগুলো দ্রুত সমাধানের জন্য কাজ চালিয়ে যাচ্ছে। আমরা আশাবাদী, খুব অল্প সময়ের মধ্যেই সাকিবকে আবার বাংলাদেশের ক্রিকেটে খেলতে দেখা যাবে।

সরকার পরিবর্তনের পর থেকেই সাবেক টাইগার অধিনায়কের জাতীয় দলে প্রত্যাবর্তন নিয়ে নীতিনির্ধারণী পর্যায়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিসিবির এক পরিচালক জানিয়েছেন, সাকিবের ফেরার প্রক্রিয়া ইতোমধ্যে অনেক দূর অগ্রসর হয়েছে এবং ক্রিকেটপ্রেমীরা শিগগিরই তাকে আবার মাঠে দেখতে পাবেন।

এদিন আসিফ আকবর কক্সবাজারে অনুষ্ঠিত ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ দেখতে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন। ফাইনাল ম্যাচে রাজশাহী দল ঢাকার বিপক্ষে ইনিংস ব্যবধানে জয় পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে। বিষয়টি নিয়ে সন্তোষ প্রকাশ করেন বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির প্রোগ্রাম কো-অর্ডিনেটর হাবিবুল বাশার।

তিনি জানান, বয়সভিত্তিক ক্রিকেট উন্নয়নের অংশ হিসেবে অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৮ পর্যায়ে সারা দেশের জেলা ও বিভাগগুলোকে নিয়ে নিয়মিত টুর্নামেন্ট আয়োজন করা হয়।

এবারের অনূর্ধ্ব-১৮ প্রতিযোগিতাটি ছিল জাতীয় রাউন্ডের আসর। বিভাগীয় পর্যায়ের খেলা শেষে সেরা আটটি দল জাতীয় রাউন্ডে অংশ নেয় এবং চূড়ান্ত পর্ব শেষে সেখান থেকেই চ্যাম্পিয়ন নির্ধারণ করা হয়েছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement