আবারো আইনি ঝামেলায় নেইমার

আবারো আইনি ঝামেলায় নেইমার ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২০:০৫, ৭ মার্চ ২০২৬

আইনি জটিলতায় পড়েছেন সান্তোস ও ব্রাজিল জাতীয় দলের তারকা ফুটবলার নেইমার জুনিয়র। তার সাবেক এক ব্যক্তিগত বাবুর্চি এই সেলেসাও ফরোয়ার্ডের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

ওই নারী কর্মীর অভিযোগ, নেইমারের বাসভবনে অতিরিক্ত ভারী কাজের চাপের কারণে তিনি পিঠের ব্যথা এবং নিতম্বে প্রদাহজনিত সমস্যায় ভুগছেন।

অভিযোগে বলা হয়েছে, নেইমারের বিলাসবহুল মাঙ্গারাতিবা ম্যানশনে তাকে অত্যন্ত অমানবিক পরিবেশে কাজ করতে বাধ্য করা হয়েছিল। ব্রাজিলিয়ান গণমাধ্যম মেট্রোপলিস আদালতের নথির উদ্ধৃতি দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মামলার নথিতে উল্লেখ করা হয়েছে, ওই নারী শুধু নেইমারের জন্যই নয়, বরং তার সঙ্গে থাকা প্রায় ১৫০ জন বন্ধু ও সঙ্গীর জন্যও নিয়মিত রান্না করতেন। ফলে অনেক সময় তাকে টানা ১৬ ঘণ্টা পর্যন্ত কাজ করতে হতো।

চুক্তি অনুযায়ী তার কাজের সময় নির্ধারিত ছিল সোমবার থেকে বৃহস্পতিবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এবং শুক্রবার সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

কিন্তু বাস্তবে তাকে প্রায়ই রাত ১১টা কিংবা ১২টা পর্যন্ত কাজ করতে বাধ্য করা হতো বলে অভিযোগ করা হয়েছে। এমনকি সাপ্তাহিক ছুটির দিনেও তাকে কাজ করানো হতো বলে দাবি করেছেন তিনি।

দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করা এবং সুপারমার্কেট থেকে ১০ কেজি মাংসসহ ভারী বাজারের ব্যাগ বহন করার কারণে ওই নারী পিঠের ব্যথা ও হিপ ইনফ্লামেশনের মতো দীর্ঘমেয়াদি শারীরিক সমস্যায় ভুগছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। বকেয়া বেতন, ওভারটাইম, চিকিৎসা খরচ এবং অন্যান্য পাওনা মিলিয়ে তিনি নেইমারের কাছে প্রায় ২ লাখ ৬২ হাজার ব্রাজিলিয়ান রিয়াল ক্ষতিপূরণ দাবি করেছেন।

আদালতের নথিতে আরও বলা হয়েছে, অনেক সময় তিনি দুপুরের খাবার খাওয়ার সুযোগও পেতেন না। শ্রম আইন অনুযায়ী নির্ধারিত মধ্যাহ্নভোজের বিরতিও তাকে দেওয়া হতো না, বরং ওই সময়েও তাকে কাজ চালিয়ে যেতে হতো।

রিও ডি জেনিরোর শ্রম আদালতে এই মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে নেইমার তার শৈশবের ক্লাব সান্তোসের হয়ে খেলছেন। তবে এই অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত তার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement