শেষ মুহূর্তের পেনাল্টিতে মেসিদের জয় হাতছাড়া, আটলান্টার সঙ্গে ড্র
Published : ১১:৫৮, ৬ সেপ্টেম্বর ২০২৬
জয়ের খুব কাছাকাছি গিয়েও শেষ পর্যন্ত দুই পয়েন্ট হারাল ইন্টার মায়ামি। দুইবার লিড নিয়েও তা ধরে রাখতে পারেনি লিওনেল মেসির দল। ম্যাচের শেষ দিকে পেনাল্টি থেকে আটলান্টা ইউনাইটেডের ব্রিল এমবোলোর গোলে ২-২ সমতায় শেষ হয়েছে মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচটি।
রোববার ভোরে নিজেদের মাঠে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ইন্টার মায়ামি। ম্যাচের ৩২ মিনিটে লিওনেল মেসির অ্যাসিস্ট থেকে গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্যাসেমিরো।
তবে এগিয়ে থাকার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি মায়ামির। মাত্র তিন মিনিট পরই মিগেল আলমিরনের গোলে সমতায় ফেরে আটলান্টা।
প্রথমার্ধের শেষ মুহূর্তে আবারও ম্যাচের নিয়ন্ত্রণ নেয় মায়ামি। যোগ করা সময়ের প্রথম মিনিটে গোল করেন লুইস সুয়ারেজ। ফলে বিরতিতে ২-১ ব্যবধানে এগিয়ে থাকে স্বাগতিকরা।
দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ানোর চেষ্টা চালিয়ে যায় মায়ামি। গোল না পেলেও আক্রমণে সক্রিয় ছিলেন মেসি। তবে নির্ধারিত সময় শেষ হওয়ার আগে নাটকীয় মোড় নেয় ম্যাচ।
৮৭ মিনিটে পেনাল্টি পায় আটলান্টা ইউনাইটেড। স্পট কিকে সফল হয়ে মায়ামির জয় থামিয়ে দেন ব্রিল এমবোলো। শেষ কয়েক মিনিটে আর কোনো গোল না হওয়ায় ২-২ সমতায় ম্যাচ শেষ হয়।
মেসি এদিন গোল করতে না পারলেও একটি অ্যাসিস্ট করেছেন। এর আগের ম্যাচে অবশ্য দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন আর্জেন্টাইন তারকা। মন্ট্রিয়ালের বিপক্ষে চার গোলের পাশাপাশি একটি অ্যাসিস্টও করেছিলেন তিনি।
ড্রয়ের ফলে ২৩ ম্যাচে ইন্টার মায়ামির পয়েন্ট দাঁড়িয়েছে ৪৩। ইস্টার্ন কনফারেন্সে দ্বিতীয় অবস্থানে রয়েছে মেসির দল। ২৩ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ন্যাশভিল এফসি।
































