মেসির গোলে দুই ম্যাচের জয়খরা কাটাল ইন্টার মায়ামি
Published : ১১:০১, ২ নভেম্বর ২০২৬
টানা দুই ম্যাচে জয়ের দেখা পাচ্ছিল না ইন্টার মায়ামি। সেই খরা কাটাতে শেষ পর্যন্ত লিওনেল মেসির দিকেই তাকিয়ে ছিল দলটি। আর্জেন্টাইন মহাতারকাও হতাশ করেননি। সতীর্থকে দিয়ে গোল করানোর পর নিজেও জালের দেখা পেয়েছেন তিনি। তাতে নিউ ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে স্বস্তির জয় পেয়েছে মায়ামি।
নিউ ইংল্যান্ডের মাঠে ম্যাচের শুরুটা অবশ্য ভালো হয়নি সফরকারীদের। গোলের জন্য অপেক্ষা করতে করতে ৫৩ মিনিটে উল্টো পিছিয়ে পড়ে মায়ামি। ড্যানিয়েল গাজদাগের গোলে এগিয়ে যায় স্বাগতিকেরা।
এরপর ম্যাচে ফেরার লড়াইয়ে সামনে থেকে নেতৃত্ব দেন মেসি। ৬৯ মিনিটে তাঁর দারুণ হেড থেকে পাওয়া বলে গোল করে মায়ামিকে সমতায় ফেরান জার্মান বারতারাম।
ম্যাচের শেষ দিকে আসে কাঙ্ক্ষিত জয়ের মুহূর্ত। ৮৩ মিনিটে বক্সের সামনে প্রতিপক্ষের কয়েকজন ডিফেন্ডারের বাধা অতিক্রম করে সতীর্থের সঙ্গে বল আদান-প্রদান করেন মেসি। এরপর বাঁ পায়ের নিখুঁত শটে বল জালে পাঠিয়ে দলের ২-১ গোলের জয় নিশ্চিত করেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এই গোলের মধ্য দিয়ে ব্যক্তিগত ক্যারিয়ারে আরেকটি উল্লেখযোগ্য মাইলফলক স্পর্শ করেছেন মেসি। সব প্রতিযোগিতা মিলিয়ে তাঁর মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৩৭-এ। পাশাপাশি ওপেন প্লে থেকে তাঁর গোলের সংখ্যা বেড়ে হয়েছে ৮২২, যা ফুটবল ইতিহাসে সর্বোচ্চ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
মেসির নৈপুণ্যে দুই ম্যাচের জয়খরা কাটিয়ে আবারও জয়ের ধারায় ফেরার স্বস্তি পেল ইন্টার মায়ামি।



































