স্লো ওভার রেটে শ্রীলঙ্কার ক্রিকেটারদের ৫ শতাংশ জরিমানা
Published : ১১:০৩, ১ নভেম্বর ২০২৬
পাকিস্তানের কাছে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে ৩ উইকেটে হারের পর এবার আর্থিক শাস্তির মুখে পড়েছে শ্রীলঙ্কা। নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে না পারায় দলটির খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
তবে এই অপরাধ ফাইনালে নয়, বৃহস্পতিবার লাহোরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে করেছে শ্রীলঙ্কা। ওই ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম বোলিং করেছিল দলটি। এ কারণে স্লো ওভার রেটের অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে।
আইসিসির আচরণবিধি অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে প্রতি এক ওভার কম বোলিংয়ের জন্য দলের খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়। সেই নিয়ম অনুসারেই শ্রীলঙ্কার খেলোয়াড়দের এই শাস্তি দেওয়া হয়েছে।
এমিরেটস আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি জেফ ক্রো জরিমানার সিদ্ধান্ত ঘোষণা করেন। শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিস অভিযোগ স্বীকার করে শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
ম্যাচের অনফিল্ড আম্পায়ার আহসান রাজা ও শরফুদ্দৌলা ইবনে শহীদ, তৃতীয় আম্পায়ার ওয়েন নাইটস এবং চতুর্থ আম্পায়ার নাসির হুসেইন স্লো ওভার রেটের অভিযোগ আনেন।

































