এবিজি স্পোর্টস সিটিতে দৃষ্টিপ্রতিবন্ধীদের এশিয়া কাপ
Published : ২৩:২২, ৭ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের সক্ষমতা ও সম্ভাবনাকে আরও এগিয়ে নিতে নতুন এক মাইলফলক অর্জন করতে যাচ্ছে এবিজি স্পোর্টস সিটি। প্রথমবারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে দৃষ্টিপ্রতিবন্ধী ক্রিকেটারদের আন্তর্জাতিক টুর্নামেন্ট ‘ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড-এশিয়া কাপ ২০২৬’। আর এই আন্তর্জাতিক আসরের ভেন্যু পার্টনার হিসেবে থাকছে এবিজি স্পোর্টস সিটি। টুর্নামেন্টের সব ম্যাচ অনুষ্ঠিত হবে এই ক্রীড়া কমপ্লেক্সের আনভীর ক্রিকেট স্টেডিয়ামে।
আগামী ১৫ থেকে ২০ নভেম্বর পর্যন্ত ছয় দিনব্যাপী এই টুর্নামেন্টে অংশ নেবে এশিয়ার পাঁচটি দেশ—বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। টুর্নামেন্টের টাইটেল স্পন্সর সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল (এসবিজি) এবং মিডিয়া পার্টনার দেশের একমাত্র ক্রীড়াভিত্তিক টেলিভিশন চ্যানেল টি স্পোর্টস।
স্বাগতিক বাংলাদেশসহ অংশগ্রহণকারী দেশগুলোর ক্রিকেটারদের ঘিরে ইতোমধ্যে ক্রীড়াপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। দৃষ্টিপ্রতিবন্ধী ক্রিকেটারদের এই আন্তর্জাতিক প্রতিযোগিতা দেশের ক্রীড়াঙ্গনে অন্তর্ভুক্তিমূলক ক্রীড়া আয়োজনের ক্ষেত্রেও নতুন মাত্রা যোগ করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের ভেন্যু হিসেবে ইতোমধ্যে নিজেদের সক্ষমতার পরিচয় দিয়েছে এবিজি স্পোর্টস সিটি। সম্প্রতি আনভীর ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে দুই দিনের একটি প্রস্তুতিমূলক ম্যাচ। এর আগে মালয়েশিয়া ক্রিকেট দলও এই মাঠে খেলেছে। আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের এই অভিজ্ঞতা এবিজি স্পোর্টস সিটির জন্য উল্লেখযোগ্য অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।
এবার দৃষ্টিপ্রতিবন্ধী ক্রিকেটারদের এশিয়া কাপ আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করার সুযোগ পাচ্ছে এই ক্রীড়া কমপ্লেক্স।
ওয়ার্ল্ড ব্লাইন্ড ক্রিকেট লিমিটেডের (ডব্লিউবিসি) অধিভুক্ত বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের (বিবিসিসি) আয়োজনে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টের মাধ্যমে আন্তর্জাতিক ক্রীড়া আয়োজনের ভেন্যু হিসেবে এবিজি স্পোর্টস সিটির পরিচিতি আরও বিস্তৃত হবে বলে আশা করা হচ্ছে। আধুনিক ক্রীড়া অবকাঠামো এবং আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজনের সক্ষমতা তুলে ধরার ক্ষেত্রেও এই আসর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আন্তর্জাতিক এই আয়োজনের সঙ্গে যুক্ত হতে পেরে সন্তোষ প্রকাশ করেছে টাইটেল স্পন্সর সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল। প্রতিষ্ঠানটির মতে, দৃষ্টিপ্রতিবন্ধী ক্রিকেটারদের আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের প্রতিভা ও সামর্থ্য তুলে ধরার সুযোগ করে দিতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ।
আয়োজকদের লক্ষ্য, এশিয়ার দৃষ্টিপ্রতিবন্ধী ক্রিকেটারদের আন্তর্জাতিক পরিচিতি বাড়ানোর পাশাপাশি খেলাধুলার মাধ্যমে বন্ধুত্ব, অন্তর্ভুক্তি ও সমতার বার্তা ছড়িয়ে দেওয়া। একই সঙ্গে আন্তর্জাতিক মানের ক্রীড়া ইভেন্ট আয়োজনের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে এবিজি স্পোর্টস সিটি দেশের ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

































