১৮ বছর পর প্যারোলে মুক্তি পাচ্ছেন বাদল ফরাজী, স্থায়ী মুক্তির প্রত্যাশা পরিবারের
Published : ১৭:১৫, ২৩ নভেম্বর ২০২৬
নামের মিলের কারণে ভারতের দিল্লিতে একটি হত্যা মামলায় ভুলভাবে দণ্ডিত হওয়ার অভিযোগ নিয়ে প্রায় ১৮ বছর ধরে কারাগারে রয়েছেন বাগেরহাটের মোংলার বাদল ফরাজী। দীর্ঘ আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে এবার চার সপ্তাহের প্যারোলে মুক্তি পেতে যাচ্ছেন তিনি। দিল্লি হাইকোর্টের নির্দেশনার পর আগামীকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে তাঁকে নিজ জেলা বাগেরহাটে নিয়ে মুক্তি দেওয়ার প্রস্তুতি চলছে।
বাদলের কারাবাসের ঘটনা নিয়ে লেখক রাহিতুল ইসলাম লিখেছেন উপন্যাস ‘বাদলের কারাবাস’। দীর্ঘ ১৮ বছরের বন্দিজীবন, পরিবারের কাছ থেকে বিচ্ছিন্নতা এবং ন্যায়বিচারের প্রত্যাশায় তাঁর সংগ্রাম নতুন করে আলোচনায় এসেছে বইটি প্রকাশের পর।
বাংলাদেশে সাধারণত কয়েক ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়ার প্রচলন থাকলেও বাদলের ক্ষেত্রে সময়সীমা নির্ধারণ করা হয়েছে চার সপ্তাহ বা ২৮ দিন—অর্থাৎ প্রায় ৬৭২ ঘণ্টা। দীর্ঘ সময়ের এই প্যারোল কার্যকর করার প্রক্রিয়া নিয়ে পুলিশ প্রশাসনের মধ্যে কিছু জটিলতা তৈরি হয়েছে বলে জানা গেছে। সাধারণত প্যারোলে মুক্ত ব্যক্তির সঙ্গে সার্বক্ষণিক পুলিশি নিরাপত্তা থাকে। তবে বাদলের ক্ষেত্রে কী ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে, তা এখনো স্পষ্ট নয়। সরকারি আদেশে প্যারোলে থাকাকালে সরাসরি গণমাধ্যমের সঙ্গে কথা বলার ওপরও বিধিনিষেধের কথা উল্লেখ রয়েছে।
যেভাবে মিলল প্যারোলের অনুমতি
ভারতের আদালতে দণ্ডিত বাদল ভারত-বাংলাদেশ বন্দী স্থানান্তর চুক্তির (টিএসপি) আওতায় বাংলাদেশে সাজা ভোগ করছেন। তাঁর প্যারোলের বিষয়ে ভারতের আদালতের অনুমতি চেয়ে দিল্লি হাইকোর্টে ডব্লিউপি (সিআরএল) ১১৫৩/২০২৬ নম্বর রিট মামলায় সিআরএল এমএ ৩০৬১৬/২০২৬ নম্বর আবেদন করেন আইনজীবী সার্থক ম্যাগন, বৈভব ভরদ্বাজ ও রঞ্জিত কুমার সাহু।
গত ২৯ সেপ্টেম্বর বিচারপতি অমিত বনসাল আবেদনটির নির্দিষ্ট প্রার্থনা মঞ্জুর করেন। তবে আদালত স্পষ্ট করে দেন, প্যারোল বা ফার্লোর ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের প্রচলিত আইন অনুসরণ করতে হবে।
আদালতের আদেশের পর ১ অক্টোবর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি স্মারক পাঠায়। এর পরিপ্রেক্ষিতে ১১ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরেকটি স্মারক জারি করে। পরে ২৫ অক্টোবর বাদলের বোন আকলিমা বেগম তাঁর ভাইয়ের প্যারোলের আবেদন করেন। এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের মতামতও নেওয়া হয়।
সবশেষ ১৬ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-২ শাখা থেকে জারি করা স্মারকে বাদল ফরাজীকে চার সপ্তাহের প্যারোল মঞ্জুরের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটকে অনুরোধ করা হয়। এতে দিল্লি হাইকোর্টের আদেশ, আইন ও বিচার বিভাগের মতামত এবং ২০১৬ সালের ১ জুন জারি করা প্যারোল নীতিমালার ১(খ) অনুচ্ছেদকে আইনি ভিত্তি হিসেবে উল্লেখ করা হয়েছে। প্যারোল চলাকালে সংশ্লিষ্ট নীতিমালার শর্ত মেনে চলার কথাও বলা হয়।
স্মারকে স্বাক্ষর করেন উপসচিব (অতিরিক্ত দায়িত্ব) মো. আমিনুল ইসলাম। এতে বাদলের বন্দী নম্বর ৫০০২/এ উল্লেখ রয়েছে। স্মারকের অনুলিপি পুলিশের মহাপরিদর্শক, কারা মহাপরিদর্শক ও গাজীপুরের পুলিশ সুপারসহ আটজনের কাছে পাঠানো হয়েছে। কারা কর্তৃপক্ষও বিষয়টি নিশ্চিত করেছে।
যেভাবে শুরু হয়েছিল বাদলের কারাবাস
২০০৮ সালের ৬ মে ভারতের দিল্লির লাজপত নগর-৪ এলাকার দয়ানন্দ কলোনির সি-১৩ নম্বর বাসায় খুন হন ৭১ বছর বয়সী নির্মলা মাদান। এ ঘটনায় অমর কলোনি থানায় হত্যা মামলা হয়। মামলায় পুলিশ ‘বাদল সিং’ নামের এক ব্যক্তিকে খুঁজছিল, যিনি নিহত নারীর গৃহকর্মী ছিলেন। হত্যাকাণ্ডের দুই মাস সাত দিন পর ভারতে প্রবেশ করেন বাংলাদেশি নাগরিক বাদল ফরাজী।
২০০৪ সালে মুক্তি পাওয়া শাহরুখ খান, প্রীতি জিনতা ও রানি মুখার্জি অভিনীত বলিউড চলচ্চিত্র ‘বীর-জারা’ দেখে তাজমহলের প্রতি আকৃষ্ট হন বাদল। চার বন্ধুকে নিয়ে তাজমহল দেখতে যাওয়ার পরিকল্পনা করলেও শেষ পর্যন্ত অন্যরা যেতে পারেননি। নিজের স্বপ্ন পূরণে তিনি একাই ভারত ভ্রমণের সিদ্ধান্ত নেন।
২০০৮ সালের ৯ জুলাই ঢাকায় ভারতীয় হাইকমিশন তাঁর পাসপোর্টে পর্যটক ভিসা দেয়। ১৩ জুলাই বেনাপোল সীমান্ত দিয়ে ভারতের হরিদাসপুরে প্রবেশ করেন তিনি। এরপর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাঁকে আটক করে। পরে ২১ জুলাই তাঁকে ‘বাদল সিং’ হিসেবে হত্যা মামলায় আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়। সে সময় বাদল অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। ইংরেজি বা হিন্দি না জানায় নিজের পরিচয় ও অবস্থান বোঝাতে পারেননি বলে জানা যায়।
২০১২ সালের ১৭ ডিসেম্বর নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠায়। এতে বাদলের পাসপোর্ট ও ভিসার নম্বর, ভিসা দেওয়ার তারিখ এবং ভারতে প্রবেশের তথ্য তুলে ধরা হয়। ঢাকায় ভারতীয় হাইকমিশনও তাঁর ভিসা ইস্যুর বিষয়টি নিশ্চিত করে। বাদলের স্কুল কর্তৃপক্ষ তাঁর পক্ষে প্রত্যয়নপত্র দেয়। তবে এসব তথ্য-প্রমাণ উপস্থাপনের পরও তিনি মুক্তি পাননি।
২০১৫ সালের ২১ জুলাই দিল্লির একটি আদালত তাঁকে দোষী সাব্যস্ত করেন। একই বছরের ২২ আগস্ট তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। পরের বছর দিল্লি হাইকোর্টও সেই সাজা বহাল রাখেন।
প্রায় ১০ বছর দিল্লির তিহার কারাগারে ছিলেন বাদল। সেখানে থেকেই মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক পর্যায়ের পড়াশোনা শেষ করেন। কারাগারের বিভিন্ন কাজেও যুক্ত ছিলেন তিনি। সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, তাঁকে নিয়ে তিহার কারা কর্তৃপক্ষ একটি প্রামাণ্যচিত্রও তৈরি করে। এদিকে তাঁর মুক্তির দাবিতে দিল্লির মানবাধিকারকর্মীরা বিভিন্ন সময়ে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করেন।
২০১৮ সালের ৬ জুলাই বন্দী স্থানান্তর চুক্তির আওতায় বাদলকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান তাঁর মুক্তির বিষয়ে আশ্বাস দিয়েছিলেন এবং বাদলের নির্দোষ হওয়ার দাবির পক্ষেও বক্তব্য দিয়েছিলেন। তবে দেশে ফেরার পর তাঁকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাখা হয়। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর তাঁকে কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হয়। ফলে কেরানীগঞ্জ কারাগারে থাকা দিল্লি থেকে আনা বেশ কিছু নথিপত্র তিনি সঙ্গে নিতে পারেননি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
দেশে ফেরার পর ২০১৮ সালের ৮ জুলাই বাদলকে কারাগারে রাখার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মো. হুমায়ুন কবির পল্লব। ১০ জুলাই বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আবেদনটি যথাযথভাবে উপস্থাপিত না হওয়ায় খারিজ করেন। শুনানিতে ভারত থেকে দণ্ডিত বন্দী হিসেবে বাদলকে বাংলাদেশে স্থানান্তরের বিষয়টিও উঠে আসে।
২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৎকালীন অধ্যাপক ও সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল প্রথম আলোতে ‘বাদল অথবা বাদলদের গল্প’ শিরোনামে একটি কলাম লেখেন। এতে তিনি বাদলের মুক্তির দাবি জানান। মানবাধিকারকর্মী নূর খান লিটনও তাঁর কারাবাসের বিষয়টি নিষ্পত্তির জন্য সরকারকে বিভিন্ন সময়ে তাগিদ দিয়েছেন।
ভারতের ফৌজদারি কার্যবিধির ৪৩৩এ ধারা অনুযায়ী, নির্দিষ্ট ধরনের যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে সাজা মওকুফের মাধ্যমে মুক্তি দেওয়ার আগে অন্তত ১৪ বছর প্রকৃত কারাভোগ করতে হয়। তবে এই সময় পূর্ণ হলেই স্বয়ংক্রিয়ভাবে মুক্তি পাওয়া যায় না; এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত প্রয়োজন।
পরিবারের দাবি, ২০২২ সালের ২০ জুলাই বাদলের ১৪ বছরের কারাভোগ পূর্ণ হয়। এরপর তাঁর স্থায়ী মুক্তির উদ্যোগ নেওয়া হলেও তা সফল হয়নি। ২০২৪ সালের ২৩ ফেব্রুয়ারি দিল্লি সরকারের সাজা পর্যালোচনা বোর্ডের সভায় বাদলের অকালমুক্তির বিষয়টি ওঠে। তবে সভার কার্যবিবরণীর ৯৫ নম্বর পৃষ্ঠায় থাকা আবেদনটি বোর্ড প্রত্যাখ্যান করে।
উপন্যাস প্রকাশের পর নতুন করে আলোচনায়
সাংবাদিক মিজানুর রহমান সোহেলের উদ্যোগে বাদলের দীর্ঘ কারাবাসের ঘটনা নতুন করে আলোচনায় আসে। কারাগারে বন্দী বাদলের বিষয়ে জানতে পেরে তিনি লেখক রাহিতুল ইসলামকে বিষয়টি জানান। পরে রাহিতুল প্রথম আলোতে বাদলকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করেন এবং তাঁর জীবন অবলম্বনে লেখেন উপন্যাস ‘বাদলের কারাবাস’।
চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রথমা প্রকাশন উপন্যাসটি প্রকাশের ঘোষণা দেয়। বইটির উপশিরোনাম ‘ভুল বিচারে ১৮ বছর: ভারত থেকে বাংলাদেশ’। এতে বাদলের গ্রেপ্তার, বিচার, কারাগারে নির্যাতনের অভিযোগ, পড়াশোনা, মানবাধিকারকর্মীদের প্রচেষ্টা এবং দেশে ফেরার পরের আইনি জটিলতার বিবরণ তুলে ধরা হয়েছে।
উপন্যাসটি প্রকাশের পর বাদলের মুক্তির দাবিতে জনমত আরও জোরালো হয়। গত ৬ এপ্রিল রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বাদলের স্বজন, পাঠক ও মানবাধিকারকর্মীরা মানববন্ধন করেন। সেখান থেকে তাঁর মুক্তির বিষয়ে সিদ্ধান্ত নিতে সরকারকে সাত দিনের সময় বেঁধে দেওয়া হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আগের দুই সরকারের আমলে স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয় থেকে আশ্বাস দেওয়া হলেও বাদলের মুক্তির বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। প্রচেষ্টা ফাউন্ডেশনও তাঁর মুক্তির দাবিতে সোচ্চার হয়। দেশের বাইরেও বিভিন্ন কর্মসূচি পালিত হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে তাঁর মুক্তির দাবি।
প্যারোলে মুক্তির খবরে লেখক রাহিতুল ইসলাম বলেন, ‘রোববার বাদল কারাগারের দেয়াল পেরিয়ে বাইরে আসবে। তাকে নিয়ে আসতে আমি নিজেই যাচ্ছি। যে সাহিত্য মানুষের কল্যাণে না আসে, মানুষের পাশে দাঁড়াতে না পারে, সে সাহিত্য লিখে লাভ নেই।’
রাহিতুল আরও বলেন, প্যারোলে এ সমস্যার স্থায়ী সমাধান হয় না, ১৮ বছরের ক্ষতিপূরণও হয় না। বিষয়টির স্থায়ী নিষ্পত্তিতে দুই দেশের সরকারের উদ্যোগ কামনা করেন তিনি।
সাংবাদিক মিজানুর রহমান সোহেল বলেন, ‘কারাগারে বন্দী একজন অসহায় মানুষের দীর্ঘ ১৮ বছরের বঞ্চনা ও অসহায়ত্বের কথা জানতে পেরে বিষয়টি গণমাধ্যমের সামনে তুলে আনার উদ্যোগ নিয়েছিলাম। সেই সূত্র ধরে লেখক রাহিতুল ইসলাম এগিয়ে আসেন, সংবাদ প্রকাশিত হয়, উপন্যাস লেখা হয়। এরপর মানবাধিকারকর্মী, স্বজন, পাঠক ও সচেতন মানুষের সম্মিলিত প্রচেষ্টা এবং দীর্ঘ আইনি ও প্রশাসনিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আজ বাদলের মুক্তির পথ তৈরি হয়েছে। একজন সাংবাদিক হিসেবে এটি আমার বড় প্রাপ্তি। তবে সাময়িক প্যারোল নয়, বাদলের স্থায়ী মুক্তি ও ন্যায়বিচারই আমাদের প্রত্যাশা।’
বাদল কারাগারে থাকতেই তাঁর বাবা মারা যান। বৃদ্ধ মা এখন চলাফেরা করতে পারেন না। গত এপ্রিলে মানববন্ধনে বাদলের বোন আকলিমা বেগম জানিয়েছিলেন, জীবনের শেষ সময়ে ছেলেকে কাছে পাওয়াই তাঁদের মায়ের সবচেয়ে বড় ইচ্ছা।
দীর্ঘ ১৮ বছরের অপেক্ষার পর আগামীকাল মায়ের কাছে ফিরবেন বাদল ফরাজী—এমন প্রত্যাশা তাঁর স্বজনদের। তবে তাঁদের চাওয়া, এই মুক্তি যেন সাময়িক না হয়। প্যারোলের মেয়াদ শেষে বাদলকে যাতে আবার কারাগারে ফিরতে না হয়, সে জন্য দুই দেশের সরকারের কাছে স্থায়ী সমাধান চান তাঁরা।






























