প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে জাতীয় ঐক্য, আইনশৃঙ্খলা ও গঙ্গা চুক্তি নিয়ে আলোচনা: নাহিদ

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে জাতীয় ঐক্য, আইনশৃঙ্খলা ও গঙ্গা চুক্তি নিয়ে আলোচনা: নাহিদ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৭:৩১, ২৩ নভেম্বর ২০২৬

দেশের বর্তমান পরিস্থিতি, রাজনৈতিক সংকট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বৈঠকে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা, সংবিধান সংস্কার, গঙ্গা চুক্তি এবং পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়েও আলোচনা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান নাহিদ ইসলাম।

তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতি ও রাজনৈতিক সংকটের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। ফ্যাসিবাদী শক্তির হাতে সরকার ও বিরোধী দলের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনাও আলোচনায় এসেছে। এমন পরিস্থিতিতে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে।

নাহিদ ইসলাম বলেন, সরকার জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছে। ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া দলগুলোকে নিয়ে দীর্ঘমেয়াদি রোডম্যাপ তৈরি করা জরুরি। পাশাপাশি আধিপত্যবাদবিরোধী অবস্থান থেকে জাতীয় পররাষ্ট্রনীতি প্রণয়নের প্রয়োজন রয়েছে। এটি কোনো নির্দিষ্ট দলের লড়াই নয়; বরং দলীয় বিভাজনের ঊর্ধ্বে উঠে জনগণের ঐক্য প্রয়োজন।

তিনি আরও জানান, সংবিধান সংশোধনের জন্য গঠিত সংসদীয় কমিটি বাতিলের দাবি জানিয়েছে এনসিপি। একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণের আহ্বান জানানো হয়েছে। এসব দাবি বিবেচনার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী বলে জানান তিনি।

ভারতের ভূখণ্ড ব্যবহার করে আওয়ামী লীগ সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে বলেও অভিযোগ করেন নাহিদ ইসলাম। তার দাবি, ভারত বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এবং আন্তর্জাতিক পরিসরে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় বিজেপির সমাবেশে আওয়ামী লীগের নেতাদেরও যুক্ত থাকার বিষয়টি তাদের উদ্বেগের কারণ।

বৈঠকে গঙ্গা চুক্তির ক্ষেত্রে ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকারকে কোনো আপস না করার আহ্বান জানানো হয়েছে। এ ছাড়া পলাতক শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকরের উদ্যোগ নেওয়ার দাবিও জানানো হয়েছে বলে জানান নাহিদ।

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, ফ্যাসিবাদের আস্ফালন, বিচার কার্যক্রম ও গঙ্গা চুক্তিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে নাহিদ ইসলাম ছাড়াও এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ
Advertisement