ফতুল্লায় গোয়েন্দা তথ্য সংগ্রহকালে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত

ফতুল্লায় গোয়েন্দা তথ্য সংগ্রহকালে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ প্রতি‌নি‌ধি

Published : ১২:৩৬, ২৩ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আনোয়ার হোসেন (৩২) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। এ সময় তার সঙ্গে থাকা সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুস সাত্তার হামলাকারীদের ধাওয়া থেকে দৌড়ে পালিয়ে প্রাণে বাঁচেন। তবে আনোয়ারকে ধরে বুকে ছুরিকাঘাত করে হত্যা করে দুর্বৃত্তরা।

রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ফতুল্লার কাশীপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন সদর মডেল থানাধীন শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এএসআই আব্দুস সাত্তার ও কনস্টেবল আনোয়ার হোসেন সাদা পোশাকে ওই এলাকায় গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে গিয়েছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন আনোয়ার। পরে তার মৃত্যু হয়।

হামলার মুখে এএসআই আব্দুস সাত্তার দৌড়ে ঘটনাস্থল থেকে সরে গিয়ে প্রাণে রক্ষা পান। তবে তিনি কোনো আঘাত পেয়েছেন কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীদের শনাক্ত ও আটকের চেষ্টা শুরু করে। রাত সাড়ে ১১টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, তারা ঘটনাস্থলে অবস্থান করছেন এবং হামলার সঙ্গে জড়িতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

পুলিশ সূত্রে জানা গেছে, হাশেমবাগ এলাকায় মাদক কারবারের একাধিক স্পট রয়েছে। অতীতেও এসব স্থানে অভিযান চালিয়ে মাদক উদ্ধার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশের ধারণা, কনস্টেবল আনোয়ারের ওপর হামলার ঘটনায় মাদক কারবারিদের কোনো চক্র জড়িত থাকতে পারে। তবে হামলার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

এর আগে চলতি বছরের মে মাসেও একই এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে লুটপাটের ঘটনায় তদন্ত করতে গিয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ পাঁচজনকে আটক করে। পরে আটক ব্যক্তিদের সহযোগীরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাদের ছিনিয়ে নেয়। ওই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মাদক কারবার ও কিশোর গ্যাংয়ের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ ছিল পুলিশের।

শেয়ার করুনঃ
Advertisement