অ্যালেন স্বপনের নতুন সিজনে প্রভা
Published : ১৫:৪৬, ২৩ নভেম্বর ২০২৬
বাংলাদেশের ওটিটি অঙ্গনে জনপ্রিয় চরিত্রগুলোর মধ্যে অন্যতম ‘অ্যালেন স্বপন’। ২০২২ সালে ‘সিন্ডিকেট’ সিরিজের মাধ্যমে চরিত্রটির আত্মপ্রকাশ ঘটে। পরে অ্যালেন স্বপনকে কেন্দ্র করে নির্মাতা শিহাব শাহীন তৈরি করেন আলাদা সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’। সিরিজটির নতুন সিজন নিয়ে দর্শকদের আগ্রহের মধ্যে এবার জানা গেল, তৃতীয় সিজনের শুটিং শুরু হয়েছে।
বরাবরের মতো এবারও নাম ভূমিকায় অভিনয় করছেন নাসির উদ্দিন খান। আগের দুই সিজনে অ্যালেন স্বপনের সঙ্গে শায়লা চরিত্রে অভিনয় করে প্রশংসা পেয়েছিলেন রাফিয়াত রশিদ মিথিলা। তবে তৃতীয় সিজনে থাকছেন না তিনি। তার পরিবর্তে সিরিজটিতে যুক্ত হয়েছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা।
এ বিষয়ে নির্মাতা শিহাব শাহীন বলেন, চুক্তিগত বাধ্যবাধকতার কারণে চরকির কোনো খবর তিনি নিশ্চিত করতে পারবেন না। এ বিষয়ে প্রতিষ্ঠানটির নিজস্ব জনসংযোগ বিভাগ থেকেই তথ্য জানানো হবে।
পরে চরকির সঙ্গে যোগাযোগ করা হলে প্রতিষ্ঠানটির একটি বিশ্বস্ত সূত্র ঢাকা পোস্টকে নিশ্চিত করে, ‘মাইশেলফ অ্যালেন স্বপন’-এর তৃতীয় সিজনে অভিনয় করছেন প্রভা।
মিথিলার পরিবর্তে প্রভাকে নেওয়ার কারণ হিসেবে জানা গেছে, মিথিলা বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখানে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষণা বিজ্ঞানী হিসেবে যোগ দেওয়ার পাশাপাশি সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কে শিক্ষকতা শুরু করেছেন। এসব দায়িত্বের কারণে তিনি বেশ ব্যস্ত থাকায় দেশে এসে শুটিংয়ে অংশ নিতে পারছেন না।
এবার তাই শায়লা চরিত্রে প্রভাকে বেছে নিয়েছেন নির্মাতা। চলতি মাসের শেষ দিকে তার শুটিংয়ে অংশ নেওয়ার কথা রয়েছে। ডিসেম্বরের মাঝামাঝি সিরিজটির শুটিং শেষ হওয়ার পরিকল্পনা রয়েছে।
নাসির উদ্দিন খান ও প্রভা ছাড়াও সিরিজটিতে অভিনয় করছেন সালাহউদ্দিন লাভলু, জয়রাজ, ফারজানা ছবি প্রমুখ। আগামী ঈদুল ফিতরে চরকিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘মাইশেলফ অ্যালেন স্বপন’-এর তৃতীয় সিজন।
































