ভিশন ওয়াশিং মেশিনে বছরের পর বছর ভোগান্তি, অভিযোগ গ্রাহকের

ভিশন ওয়াশিং মেশিনে বছরের পর বছর ভোগান্তি, অভিযোগ গ্রাহকের ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:৫১, ২৩ নভেম্বর ২০২৬

দুই ছোট সন্তানের কাপড় ধোয়ার কষ্ট কমাতে ভিশন ব্র্যান্ডের ওয়াশিং মেশিন কিনেছিলেন রুকাইয়া সুলতানা মনিরা। কিন্তু কয়েক বছর পর যন্ত্রটিতে ত্রুটি দেখা দেওয়ার পর থেকে স্বস্তির বদলে দীর্ঘদিনের ভোগান্তিতে পড়েছেন তিনি। একাধিকবার অভিযোগ, টেকনিশিয়ানের বাসায় যাওয়া এবং যন্ত্রাংশ পরিবর্তনের পরও মেশিনটি সচল হয়নি বলে অভিযোগ তাঁর। সর্বশেষ প্রয়োজনীয় যন্ত্রাংশ না থাকার কথা জানিয়েছে প্রস্তুতকারক প্রতিষ্ঠানের গ্রাহকসেবা বিভাগ।

রুকাইয়া সুলতানা মনিরা জানান, ২০২১ বা ২০২২ সালের দিকে তিনি ওয়াশিং মেশিনটি কেনেন। ২০২৫ সালের সেপ্টেম্বর, অক্টোবর কিংবা নভেম্বরের দিকে এতে সমস্যা দেখা দেয়। এরপর কয়েক দফায় অভিযোগ জানিয়েও সমাধান পাননি। গত শীত মৌসুমে মেশিনটি ব্যবহার করতে না পেরে তাঁকে হাতে কাপড় ধুতে হয়েছে। নতুন শীত আসন্ন হলেও সমস্যার সমাধান হয়নি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। তাঁর অভিযোগ, মেরামতের জন্য বারবার তাঁকেই প্রাণ-আরএফএল গ্রুপের গ্রাহকসেবা বিভাগ ও সংশ্লিষ্ট টেকনিশিয়ানের সঙ্গে যোগাযোগ করতে হয়েছে। নির্ধারিত সময়ে সেবা না পাওয়া, ফোনে সাড়া না দেওয়া এবং ত্রুটি শনাক্তে কার্যকর উদ্যোগের অভাব নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি।

প্রথম দফায় দুই হাজার টাকা খরচ, তবুও সমাধান নেই
রুকাইয়ার ভাষ্য, মেশিন চালু করলে পানি প্রবেশ করত, কিন্তু নির্দিষ্ট সময় পর পানি নেওয়া বন্ধ হওয়ার কথা থাকলেও তা চলতেই থাকত। এ সমস্যা জানিয়ে প্রথমে তাঁর স্বামীর নম্বর থেকে প্রাণ-আরএফএল গ্রুপের গ্রাহকসেবা বিভাগে যোগাযোগ করা হয়। সেখান থেকে নাটোরে একজন টেকনিশিয়ান পাঠানোর কথা জানিয়ে তিন দিন সময় নেওয়া হয়।

পরে টেকনিশিয়ান বাসায় এসে পরীক্ষা করে একটি যন্ত্রাংশ নষ্ট হয়েছে বলে জানান। সেটি পরিবর্তনে প্রায় দুই হাজার টাকা লাগবে জানালে রুকাইয়ারা তাঁকে টাকা দেন। টেকনিশিয়ান জানান, বগুড়ায় প্রতিষ্ঠানের অফিস থেকে যন্ত্রাংশ এনে মেশিনে লাগিয়ে দেবেন।

তবে এরপর প্রায় এক মাস অপেক্ষা করতে হয়েছে বলে অভিযোগ করেন রুকাইয়া। তাঁর দাবি, এ সময়ে টেকনিশিয়ান নিজে থেকে যোগাযোগ করেননি; তাঁকেই বারবার ফোন করতে হয়েছে। অনেক সময় ফোন রিসিভ করা হয়নি, আবার কখনো ব্যস্ততা বা মিটিংয়ের কথা জানানো হয়েছে।

প্রায় এক মাস পর যন্ত্রাংশ এনে মেশিনে লাগানো হলেও সেদিন বাসায় বিদ্যুৎ না থাকায় পরীক্ষা করা সম্ভব হয়নি। পরে মেশিন চালু করলে পানি প্রবেশ করলেও ড্রাম প্রচণ্ডভাবে কাঁপতে শুরু করে। একপর্যায়ে মেশিন বন্ধ হয়ে যায় এবং ভেতরের পানি বের হয়নি। শেষ পর্যন্ত মগ দিয়ে হাতে পানি বের করতে হয়েছে বলে জানান তিনি।

মাদারবোর্ড পরিবর্তনে আরও সাত হাজার টাকার প্রস্তাব
নতুন সমস্যার কথা জানালে টেকনিশিয়ান আবার বাসায় আসেন। এবার মাদারবোর্ডে ত্রুটি রয়েছে জানিয়ে সেটি পরিবর্তনে প্রায় সাত হাজার টাকা লাগতে পারে বলে জানান।

রুকাইয়ার প্রশ্ন, প্রথম দফায় যে সমস্যার জন্য যন্ত্রাংশ পরিবর্তন করা হয়েছিল, সেটির সমাধান হলো কি না, তা নিশ্চিত না করেই আবার নতুন যন্ত্রাংশ পরিবর্তনের কথা বলা হচ্ছে কেন? প্রথমে দুই হাজার টাকা খরচ করেও মেশিন সচল হয়নি। এরপর আরও সাত হাজার টাকা খরচ করে মাদারবোর্ড পরিবর্তনের পরও সমস্যা থাকলে আবার অন্য যন্ত্রাংশ বদলানোর পরামর্শ দেওয়া হবে কি না, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।

রুকাইয়ার দাবি, কয়েক মাস পর আবার অভিযোগ জানালে একই টেকনিশিয়ানকে পাঠানো হয়। তিনি পুনরায় মাদারবোর্ড পরিবর্তনের কথা বলেন এবং মেশিনটি নিয়ে যাওয়ার প্রয়োজনীয়তার কথা জানান।

এ সময় রুকাইয়া মেশিনটি সার্ভিস সেন্টার বা অফিসে নিয়ে ভালোভাবে পরীক্ষা করে প্রকৃত সমস্যা শনাক্তের অনুরোধ করেন। কোন যন্ত্রাংশ পরিবর্তন করতে হবে, তা নিশ্চিত করে জানানোর কথাও বলেন। কিন্তু শেষ পর্যন্ত মেশিন নেওয়ার ব্যবস্থা হয়নি বলে অভিযোগ তাঁর।

টেকনিশিয়ানকে ফোন করেও অনেক সময় পাওয়া যায়নি বলে জানান রুকাইয়া। পরে যোগাযোগ হলে তিনি মিটিংয়ে থাকার কথা বলেন এবং বগুড়া থেকে মেশিন নিয়ে আসতে গাড়ির ব্যবস্থা করার আশ্বাস দেন। তবে সেটিও বাস্তবায়িত হয়নি বলে তাঁর দাবি।

অভিযোগের তথ্য খুঁজে পেতেও ভোগান্তি
রুকাইয়ার দাবি, এ সময়ে প্রাণ-আরএফএল গ্রুপের গ্রাহকসেবা বিভাগে একাধিকবার ফোন করে অভিযোগের অগ্রগতি জানতে চেয়েছেন তাঁরা। একপর্যায়ে নিজের নম্বর থেকে যোগাযোগ করলে তাঁর নামে কোনো অভিযোগ খুঁজে পাওয়া যায়নি। পরে স্বামীর নম্বর দিয়ে খোঁজ নিতে বললে প্রথমে একটি সাম্প্রতিক অভিযোগ এবং পরে আগের অভিযোগটির তথ্য পাওয়া যায়।

এ সময় গ্রাহকসেবা বিভাগের কর্মীর কাছে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, তাঁর সন্তান এক বছর বড় হয়ে গেছে, কিন্তু মেশিনের সমস্যার সমাধান হয়নি।

রুকাইয়ার ভাষ্য, সর্বশেষ প্রাণ-আরএফএল গ্রুপের প্রধান কার্যালয় থেকে তাঁর স্বামীকে ফোন করে জানানো হয়, মেশিনটির জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ বর্তমানে প্রতিষ্ঠানের কাছে নেই।

তবে ওই যন্ত্রাংশ আদৌ মেশিনটির সমস্যার সঙ্গে সংশ্লিষ্ট কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর অভিযোগ, মেশিনটি সার্ভিস সেন্টারে নিয়ে পরীক্ষা না করেই শুধু একজন টেকনিশিয়ানের বক্তব্যের ভিত্তিতে মাদারবোর্ড পরিবর্তনের পরামর্শ দেওয়া হচ্ছে। অন্য কোনো টেকনিশিয়ান দিয়ে পরীক্ষা বা প্রকৃত ত্রুটি শনাক্তের উদ্যোগও নেওয়া হয়নি।

মেশিন বদলের প্রস্তাবেও মেলেনি স্পষ্ট উত্তর
প্রয়োজনীয় যন্ত্রাংশ না থাকলে কিংবা মেশিনটি মেরামত করা সম্ভব না হলে সেটি পরিবর্তনের কোনো ব্যবস্থা আছে কি না, তা জানতে চেয়েছিলেন রুকাইয়া। প্রয়োজনে দামের পার্থক্য পরিশোধ করে অন্য একটি মেশিন নিতেও রাজি ছিলেন তিনি। তবে এ বিষয়ে স্পষ্ট কোনো উত্তর পাননি বলে অভিযোগ তাঁর।

রুকাইয়ার বক্তব্য, তিনি বিনামূল্যে নতুন মেশিন চাননি। নিজের অর্থে কেনা পণ্যটি নষ্ট হওয়ার পর সেটি মেরামতের জন্যই বারবার যোগাযোগ করেছেন। তাঁর মতে, পণ্য বিক্রির পর গ্রাহকসেবা দেওয়া এবং প্রয়োজনীয় যন্ত্রাংশ সরবরাহ করাও বিক্রেতা বা প্রস্তুতকারক প্রতিষ্ঠানের দায়িত্ব।

দুই ছোট সন্তানের কাপড় ধোয়ার কষ্ট কমাতেই মেশিনটি কিনেছিলেন বলে জানান রুকাইয়া। অসুস্থতার কারণে তাঁর পক্ষে নিয়মিত হাতে কাপড় ধোয়া কঠিন। সংসারের কাজ, সন্তানদের দেখাশোনা ও নিজের ব্যবসা সামলানোর পাশাপাশি পরিবারের চারজনের কাপড় হাতে ধোয়া তাঁর জন্য বড় চাপ হয়ে দাঁড়িয়েছে। মেশিন নষ্ট থাকায় অনেক সময় শিশুদের কাপড় পাঁচ থেকে সাত দিন পর্যন্ত জমে থাকে।

রুকাইয়ার অভিযোগ, যে সুবিধা পাওয়ার আশায় মেশিনটি কিনেছিলেন, তা না পেয়ে বরং দীর্ঘদিন ধরে ভোগান্তি পোহাতে হচ্ছে তাঁকে। বারবার যোগাযোগ করতে করতে এখন তিনি ক্লান্ত।

শেয়ার করুনঃ
Advertisement