পরিবারকে কটাক্ষ করলে লড়াকু হয়ে উঠব: রাশমিকা মান্দানা

পরিবারকে কটাক্ষ করলে লড়াকু হয়ে উঠব: রাশমিকা মান্দানা ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

Published : ১২:২২, ২৩ নভেম্বর ২০২৬

দক্ষিণী চলচ্চিত্রের তারকা জুটি বিজয় দেবরকোন্ডা ও রাশমিকা মান্দানাকে ঘিরে ভক্তদের আগ্রহের শেষ নেই। সম্প্রতি করণ জোহরের জনপ্রিয় অনুষ্ঠান ‘কফি উইথ করণ’-এর অন্তিম সিজনের দ্বিতীয় পর্বে স্বামী বিজয়ের সঙ্গে হাজির হন রাশমিকা। তাদের উপস্থিতির পর দম্পতির সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা আলোচনা ও সমালোচনা।

নেটিজেনদের একাংশ মন্তব্য করেন, রাশমিকা বিজয়কে ভালোবাসলেও বিজয় নাকি নিজেকেই বেশি ভালোবাসেন। এমন মন্তব্যের পাশাপাশি নানা ধরনের কটাক্ষের মুখেও পড়তে হয় এই তারকা দম্পতিকে।

সমালোচনার বিষয়ে রাশমিকা জানান, আগে নেতিবাচক মন্তব্যের জবাব দিলেও এখন আর সেদিকে মনোযোগ দেন না তিনি। তার ভাষায়, একটা সময় বুঝতে পেরেছেন এসবের জবাব দেওয়া অর্থহীন এবং এতে শুধু সময় নষ্ট হয়। কখনো উত্তর দিতে ইচ্ছা করলেও নিজেকে সংযত রাখেন তিনি। কারণ, অনেক ক্ষেত্রে নীরব থাকাই সবচেয়ে ভালো।

তবে নিজের পরিবারকে নিয়ে নেতিবাচক মন্তব্য একেবারেই সহ্য করতে পারেন না এই অভিনেত্রী। এ প্রসঙ্গে রাশমিকা বলেন, পরিবারকে নিয়ে কেউ কিছু বললে তিনি লড়াকু হয়ে ওঠেন। এমনকি নিজের আসন্ন সিনেমা ‘মাইসা’র চরিত্রের মতোই হয়ে উঠবেন বলেও মন্তব্য করেন তিনি।

রাশমিকার প্রশ্ন, তার পরিবার তো বিনোদনজগতের সঙ্গে যুক্ত নয়, এমনকি তারা পরিচিত মুখও নন। তাহলে তাদের ব্যক্তিগত জীবন বা চরিত্র নিয়ে কটাক্ষ করার যৌক্তিকতা কোথায়? এ ধরনের মন্তব্য তার পরিবারের প্রাপ্য নয় বলেও মনে করেন অভিনেত্রী।

এদিকে রাশমিকার আসন্ন সিনেমা ‘মাইসা’ নিয়েও দর্শকদের মধ্যে আগ্রহ বাড়ছে। ছবিটির ‘ও মাইসা রে’ গান প্রকাশের পর এতে অভিনেত্রীর রক্তবর্ণা সাজ ও ভিন্নধর্মী উপস্থিতি আলোচনায় এসেছে। স্ত্রীর নতুন এই লুকের প্রশংসা করেছেন বিজয় দেবরকোন্ডাও। সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছেন রাশমিকার ভক্তরা।

শেয়ার করুনঃ
Advertisement