নগদের প্রশাসক মোতাছিম বিল্লাহর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
Published : ১৮:০৯, ২৩ নভেম্বর ২০২৬
মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ লিমিটেডের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। প্রতিষ্ঠানটির অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চলমান অনুসন্ধানের অংশ হিসেবে এ আদেশ দেওয়া হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সিনিয়র স্পেশাল জজ এ নির্দেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আক্তারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালতে দাখিল করা আবেদনে দুদকের অনুসন্ধানকারী কর্মকর্তা জানান, নগদ লিমিটেডের অর্থ আত্মসাতের অভিযোগটি বর্তমানে অনুসন্ধানাধীন। এ পরিস্থিতিতে প্রতিষ্ঠানটির প্রশাসক মোতাছিম বিল্লাহ বিদেশে যাওয়ার চেষ্টা করতে পারেন বলে আশঙ্কা রয়েছে।
আবেদনে উল্লেখ করা হয়, তিনি দেশত্যাগ করলে অনুসন্ধানের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হতে পারে এবং তা দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে অনুসন্ধানের স্বার্থে তাঁর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চায় দুদক।
দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান মিরাজের স্বাক্ষরিত আবেদনের ভিত্তিতে আদালত এ আদেশ দেন।
এর আগে, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে নগদ লিমিটেডের প্রশাসকের দায়িত্বে পরিবর্তন আনা হয়। সে সময় পূর্ববর্তী প্রশাসক মুহম্মদ বদিউজ্জামান দিদারকে অব্যাহতি দিয়ে বাংলাদেশ ব্যাংক মো. মোতাছিম বিল্লাহকে নতুন প্রশাসক হিসেবে নিয়োগ দেয়।































