ইন্টারভিউ দিতে এসে আটক সাবেক ছাত্রলীগ নেত্রী

ইন্টারভিউ দিতে এসে আটক সাবেক ছাত্রলীগ নেত্রী ছবি : সংগৃহীত

গাজীপুর প্রতিনিধি

Published : ১৪:০২, ২৩ নভেম্বর ২০২৬

গাজীপুরের টঙ্গীতে চাকরির সাক্ষাৎকার দিতে গিয়ে আটক হয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক উপ-প্রশিক্ষণবিষয়ক সম্পাদক তানিয়া আক্তার তাপসী। রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় টঙ্গীবাজার সেনাকল্যাণ কমার্শিয়াল কমপ্লেক্সের সামনে থেকে স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যায় ওই কমপ্লেক্সের সামনে তানিয়া আক্তার তাপসীকে শনাক্ত করেন স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেত্রীরা। পরে তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

তানিয়া আক্তার তাপসী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন।

এদিকে গোপালগঞ্জে সাম্প্রতিক অগ্নিসন্ত্রাস, হামলা, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনার প্রেক্ষাপটে হকিস্টিক হাতে নিজের একটি ছবি ফেসবুকে প্রকাশ করেছিলেন তিনি। ছবিটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হয়।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, একটি প্রতিষ্ঠানে চাকরির সাক্ষাৎকার দিতে টঙ্গী কমার্শিয়াল কমপ্লেক্সে গিয়েছিলেন তানিয়া। সেখানে স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেত্রীরা তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

ওসি আরও জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক ছাত্ররাজনীতির সঙ্গে সম্পৃক্ততার কারণে তার বিরুদ্ধে কতটি মামলা রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুনঃ
Advertisement