গবিতে ’ড্রাগ ডিজাইন ও ডিসকাভারি’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
Published : ২১:৫৪, ২৪ অক্টোবর ২০২৪
সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) ফার্মেসী বিভাগের উদ্যোগে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণে 'ড্রাগ ডিজাইন ও ডিসকাভারি' বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে দুইদিনব্যাপী উক্ত কর্মশালাটির প্রশিক্ষণ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে সম্পন্ন হয়েছে। এর আগে বুধবার (২৩ অক্টোবর) কর্মশালাটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন।
তিনি শিক্ষার্থী ও শিক্ষকমন্ডলী সহ সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমাদের ফার্মেসী বিভাগ একটি বড় বিভাগ। লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন রকমের সেমিনার এবং সভার অত্যন্ত প্রয়োজন। পাবলিকেশন বের হওয়া মানেই তাকে রিসার্চ করতে হয়েছে, বিভিন্ন ধরনের আর্টিকেল পড়তে হয়েছে এবং সব তথ্য উপাত্ত সংগ্রহ করতে হয়েছে।
উপাচার্য আরও বলেন, বিগত সময়ে আমাদের মেডিসিনাল প্লান্ট গার্ডেন এবং এনিমেল হাউজ ছিল না যেটা এখন আমরা সফলভাবে করতে পেরেছি। শিক্ষক-শিক্ষার্থীরা একসাথে রিসার্চ শুরু করলে রিসার্চের কাজ আরও সমৃদ্ধ হবে। আমি আশা করি, দুইদিন ব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় শিক্ষার্থীরা অনেক কিছু শিখবে।

ফার্মেসী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো: মোকলেছুর রহমান সরকার বলেন, ওষুধ আবিষ্কারের জন্য সাধারণত কোষ, ইদুর এবং মানুষের উপর গবেষণা করা হয়। কিন্তু চিকিৎসা বিজ্ঞানের সাথে কম্পিউটার বিজ্ঞানের প্রয়োগের ফলে খুব কম সময়ে মানুষের শরীরের ভিতরে কোষের সাথে ওষুধ কিভাবে কাজ করবে সেই ওষুধের কোন পার্শ্বপ্রতিক্রিয়া বা বিষক্রিয়া আছে কিনা তা কম্পিউটার সফটওয়্যারের সাহায্যে সহজেই ধারণা পাওয়া যায়। যার ফলে নতুন ওষুধ আবিষ্কার এ নতুন জীবন উন্মোচিত হয়েছে।
তিনি আশাবাদী হয়ে বলেন, এই কর্মশালার প্রশিক্ষণের লব্ধ জ্ঞান ছাত্র-ছাত্রীরা কাজে লাগিয়ে নতুন ওষুধ আবিষ্কারে গবেষণা করতে পারবেন এবং উন্নত মানের জার্নাল প্রকাশ করতে পারবেন।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন আইইউবিএটি'র সহকারী অধ্যাপক অজয় কুমার এবং ল্যাবরেটরি অব বায়োলজিক্যাল এন্ড হেলথ সাইন্সেস এর পরিচালক স্বপ্নীল আকাশ।
এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আবু মুহাম্মেদ মুকাম্মেল, বিভাগীয় শিক্ষক এবং শিক্ষার্থী।
দুইদিনব্যাপী এ কর্মশালায় প্রশিক্ষণ দেওয়া হয় লিগ্যান্ড ডিজাইন/প্রিপারেশন, অপটিমাইজেশন, ওয়েবসাইট সম্পর্কিত তথ্য, প্রোটিন ডিজাইন, সফটওয়্যার কিভাবে ব্যবহার করে কম্পিউটেশনাল কেমিস্ট্রি দ্বারা ড্রাগ ডিজাইন করা যায়, মলিকিউলার ডকিং, কিভাবে রিসার্চ পেপার পাবলিশ করা যায়, অনলাইন থেকে কিভাবে রিসার্চ পেপার পড়া যায়। এছাড়াও কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সনদপত্র প্রদান করা হয়।
বিডি/এন



































