রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপির শ্রদ্ধা
Published : ১৬:১৭, ১৯ আগস্ট ২০২৪
অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী রাজারবাগ পুলিশ লাইনসে মহান মুক্তিযুদ্ধে শহিদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।
আজ সোমবার (১৯ আগস্ট ২০২৪) সকাল সাড়ে নয়টায় পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহিদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
এ সময় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ মোঃ ময়নুল ইসলাম, এনডিসি, র্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ মাইনুল হাসানসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পরে স্বরাষ্ট্র উপদেষ্টা আহত পুলিশ সদস্যদের দেখতে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে যান। তিনি আহত পুলিশ সদস্যদের সাথে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন। সেই সঙ্গে আহত পুলিশ সদস্যদের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য তিনি সংশ্লিষ্ট সকলকে নির্দেশ প্রদান করেন।
এ সময় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ মোঃ ময়নুল ইসলাম, এনডিসি, র্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ মাইনুল হাসান, হাসপাতালের পরিচালক শেখ মোঃ রেজাউল হায়দারসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ মোঃ ময়নুল ইসলাম, এনডিসি আজ সোমবার সকাল সাড়ে দশটায় রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহিদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।
স্পেশাল ব্রাঞ্চের প্রধান মোঃ শাহ আলম, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ মাইনুল হাসানসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।
বিডি/ও
































