বন্যার্তদের পাশে দাঁড়াবে বিসিবি

বন্যার্তদের পাশে দাঁড়াবে বিসিবি

ক্রীড়া ডেস্ক

Published : ১১:০৪, ২৪ আগস্ট ২০২৪

ভারত থেকে আসা ঢল ও ভারী বর্ষণে বাংলাদেশ ভয়াবহ বন্যার কবলে পড়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ফেনী, কুমিল্লা, নোয়াখালী এবং চট্টগ্রামসহ দেশের অন্তত ১৩টি জেলা। ১৫ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। ৯ লাখ ৪৬ হাজার ৭৬৯ পরিবার পানিবন্দি। প্রায় ৪৮ লাখ ৬৯ হাজার ২৯৯ জন ক্ষতিগ্রস্ত হয়েছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বন্যাকবলিত এসব অঞ্চলের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

নাজমুল হাসান পাপনের পদত্যাগের পর গত বুধবার (২১ আগস্ট) বিসিবি সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন ফারুক আহমেদ। বিসিবি প্রধান দায়িত্ব নেয়ার দুইদিনের মাথায় গত শুক্রবার (২৩ আগস্ট) এক বিবৃতিতে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর ঘোষণা দেন।

জাতির এই ক্রান্তিলগ্ন কাটিয়ে ওঠার আগপর্যন্ত তাদের সহায়তা, ত্রাণ ও প্রয়োজনীয় সরঞ্জাম দেওয়ার ঘোষণাও দিয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি। এ লক্ষ্যে সরকারের সঙ্গে সমন্বয় করা হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিসিবি সভাপতি ওই বিবৃতিতে বলেছেন, ‘বর্তমানে বন্যার্ত মানুষকে নিয়ে আমরা ভাবছি। তাদের এই কঠিন সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। সাহায্য ও ত্রাণ দেওয়ার বিষয়ে আমরা তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছি। এই সংকটাপন্ন অবস্থা কাটিয়ে ওঠার জন্য যে ধরনের সহযোগিতাই প্রয়োজন হবে, তার সর্বোচ্চ প্রচেষ্টা নিয়োজিত করতে আমরা প্রস্তুত।’

তিনি আরো বলেন, ‘এই চ্যালেঞ্জিং সময়ে বিসিবি সহায়তার হাত বাড়াতে নিবেদিত থাকবে এবং এই সংক্রান্ত কাজে প্রয়োজনীয় যোগান দিতে আমরা সমন্বয় অব্যাহত রাখব।’

বিডি/এন

শেয়ার করুনঃ
Advertisement