সফলতার গল্প শুনালেন কাল, আজ সেই সিভিল জজের মৃত্যু
Published : ১৬:৩৬, ১০ আগস্ট ২০২৬
গতকালও বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ক্যারিয়ার সেমিনারে তরুণ শিক্ষার্থীদের সামনে দাঁড়িয়ে নিজের সাফল্যের গল্প বলেছিলেন। আইন পড়ার পর কীভাবে ১৭তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে (বিজেএস) যোগ দিয়ে বিচারক হয়েছেন, সেই পথচলার কথাই শুনিয়েছিলেন তিনি। অথচ একদিন না পেরোতেই এ কে এম সামিউল হক অর্ণবের মৃত্যুসংবাদে শোকের ছায়া নেমে এসেছে পরিবার, সহকর্মী ও শিক্ষার্থীদের মাঝে।
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) আইন বিভাগের সাবেক শিক্ষার্থী এ কে এম সামিউল হক অর্ণব কর্মস্থল জামালপুরে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তিনি ১৭তম বিজেএসের সিভিল জজ হিসেবে জামালপুরের ইসলামপুর আদালতে কর্মরত ছিলেন।
সোমবার (১০ আগস্ট) ভোরে জামালপুর সদর উপজেলার লাহিড়িকান্দি বাজার এলাকায় জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে প্রাইভেট কারের চালকও আহত হয়েছেন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, ভোরে জামালপুরগামী একটি দ্রুতগতির প্রাইভেট কার লাহিড়িকান্দি বাজার এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেট কারটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। গাড়িতে থাকা বিচারক সামিউল হক অর্ণব ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনায় আহত প্রাইভেট কারের চালককে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠান।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোরে লাহিড়িকান্দি বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
এ কে এম সামিউল হক অর্ণব বিইউপির আইন বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। বিশ্ববিদ্যালয়জীবন শেষে মেধা ও পরিশ্রমের মাধ্যমে ১৭তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সাফল্য অর্জন করেন। পরে বিচারক হিসেবে কর্মজীবন শুরু করেন।
নেত্রকোনা সদর উপজেলার বাসিন্দা এ কে এম ফজলুল হকের ছেলে সামিউল হক অর্ণবের আকস্মিক মৃত্যুতে পরিবার, সহকর্মী, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর শোক নেমে এসেছে।

































