চাঁদপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১৫
Published : ১১:১১, ১১ আগস্ট ২০২৬
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের চাঁদপুরের শাহরাস্তিতে যাত্রীবাহী বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।
মঙ্গলবার (১১ আগস্ট) সকালে উপজেলার বানিয়াচোঁ এলাকার পাটোয়ারী বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকাগামী আল-আরাফাহ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা হাইড্রোলিক বালুবাহী ট্রাকের সংঘর্ষ হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওভারটেক করার সময় বাস ও ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। পরে আহতদের উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দুর্ঘটনার পর চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়।
শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওভারটেক করতে গিয়ে বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় যানবাহনই সড়কের ওপর ছিটকে পড়ে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

































