নেত্রকোনায় ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
Published : ২০:২৫, ১৩ আগস্ট ২০২৬
কক্সবাজারের চকরিয়ার পর এবার নেত্রকোনায় সারবোঝাই ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের নারিন্দিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহ থেকে নেত্রকোনাগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সারবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাতনামা এক নারী ও এক পুরুষ নিহত হন। দুর্ঘটনায় আহত ৫ থেকে ৬ জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও নেত্রকোনা জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।
পরে হাসপাতালে নেওয়ার পথে আহত আরও দুজনের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনার পর মহাসড়কটিতে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করে এবং যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেয়।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, দুর্ঘটনায় দুইজন ঘটনাস্থলে এবং আরও দুইজন হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
তিনি আরও জানান, শ্যামগঞ্জ ফাঁড়ি ও শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে।





























