১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় নিরাপত্তা জোরদার, মোতায়েন ৫ প্লাটুন বিজিবি
Published : ১১:০৮, ১৫ আগস্ট ২০২৬
১৫ আগস্টকে সামনে রেখে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ ও আশপাশের এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। নিরাপত্তার অংশ হিসেবে সেখানে পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, ১৫ আগস্টকে কেন্দ্র করে সারা দেশে নিরাপত্তাঝুঁকি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। র্যাবের প্রতিটি ব্যাটালিয়ন নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকার নিরাপত্তা পরিস্থিতি বিশ্লেষণ করে পৃথক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে।
এ ছাড়া গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল স্থানগুলো চিহ্নিত করে সেখানে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।
১৫ আগস্টকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছে র্যাব।































