ভাঙ্গায় হাইওয়ে থানার সামনে প্রকাশ্যে গুলি

ভাঙ্গায় হাইওয়ে থানার সামনে প্রকাশ্যে গুলি ছবি: সংগৃহীত

ফরিদপুর প্রতিনিধি

Published : ১৩:১৩, ১৮ আগস্ট ২০২৬

ফরিদপুরের ভাঙ্গায় হাইওয়ে থানার সামনে গাড়ি পার্কিংকে কেন্দ্র করে বাগ্‌বিতণ্ডার জেরে প্রকাশ্যে কয়েক রাউন্ড গুলি ছোড়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ সময় ওই যুবক নিজেকে ‘কমিশনারের ভাগনে’ বলে পরিচয় দেন বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। ঘটনার পর এক তরুণীকে সঙ্গে নিয়ে গাড়ি চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন তিনি।

সোমবার (১৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে এ ঘটনা ঘটে। এরই মধ্যে ঘটনার ২৬ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, মেরুন রঙের একটি প্রাইভেটকারের চালকের আসনে বসা এক যুবক উত্তেজিত অবস্থায় রয়েছেন। পাশের আসনে থাকা এক তরুণী তাকে শান্ত করার চেষ্টা করছেন। একপর্যায়ে ওই যুবক গালিগালাজ করতে করতে গাড়ির জানালা দিয়ে হাত বের করে পিস্তল উঁচিয়ে পরপর কয়েক রাউন্ড গুলি ছোড়েন। এ সময় ভিডিও ধারণকারী ব্যক্তিকে আতঙ্কে দৌড়ে সরে যেতে দেখা যায়।

প্রত্যক্ষদর্শী হাসান আমিনের দাবি, ঢাকার দিক থেকে আসা প্রাইভেটকারটি হাইওয়ে থানার সামনে সড়কে দাঁড় করানো হয়েছিল। স্থানীয় এক বাসিন্দা গাড়িটি সরিয়ে নিতে বললে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে গাড়ি থেকে নেমে তরুণী ওই ব্যক্তিকে চড় মারেন। পরে গাড়িতে থাকা যুবক নিজেকে ‘কমিশনারের ভাগনে’ পরিচয় দিয়ে ব্যাগ থেকে পিস্তল বের করে কয়েক রাউন্ড গুলি ছোড়েন বলে দাবি করেন তিনি।

হাসান আমিন আরও বলেন, গুলির শব্দে পথচারী ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ওই যুবক তরুণীকে নিয়ে গাড়িতে করে গোপালগঞ্জের দিকে চলে যান।

প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ ওই দুজন নেশাগ্রস্ত ছিলেন বলে দাবি করলেও তাদের মদ্যপ থাকা বা পরিচয়সংক্রান্ত এসব দাবির স্বাধীন সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) রেজওয়ান দিপু বলেন, ভিডিওটি পুলিশের হাতে এসেছে। তবে ভিডিওটি ভাঙ্গার কি না, তা যাচাই করা হচ্ছে। ঘটনাটি ভাঙ্গায় হয়ে থাকলে দ্রুত অভিযুক্তকে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

শেয়ার করুনঃ
Advertisement