মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড, ২ লাখ টাকা জরিমানা

মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড, ২ লাখ টাকা জরিমানা ছবি: সংগৃহীত

বগুড়া প্রতিনিধি

Published : ১৫:৩২, ২০ আগস্ট ২০২৬

বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় আব্দুল খালেক (৫১) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে বগুড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা দায়রা জজ মারুফ হোসেন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আলী আসগর। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আব্দুল খালেক শেরপুর উপজেলার বাগড়া বস্তি এলাকার বাসিন্দা।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২০ সালের ২১ অক্টোবর ভোরে ভুক্তভোগী শিশুর সৎ মা স্থানীয় একটি চাতালে ধান সেদ্ধ করতে গেলে ঘরে থাকা আব্দুল খালেক তার মেয়েকে ধর্ষণ করেন। পরে বিষয়টি কাউকে জানালে ক্ষতি করার হুমকি দেওয়া হয়।

ঘটনার পর শিশুটির আচরণে পরিবর্তন দেখা দিলে তার সৎ মা তাকে মারধর করতে থাকেন। একপর্যায়ে শিশুটি সৎ মাকে ঘটনার কথা জানায়। তবে অভিযোগ বিশ্বাস না করে তার ওপর নির্যাতনের মাত্রা আরও বাড়ানো হয়।

পরে নির্যাতন থেকে বাঁচতে শিশুটি তার দুই সহপাঠীর কাছে বিষয়টি জানায়। তাদের কাছ থেকে ঘটনাটি জানতে পেরে স্থানীয় বাসিন্দারা থানায় অভিযোগ করেন। এরপর ভুক্তভোগীর মা বাদী হয়ে ২০২০ সালের ৩১ অক্টোবর স্বামীর বিরুদ্ধে মামলা করেন।

মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত আব্দুল খালেককে মৃত্যুদণ্ড দেন। পাশাপাশি দুই লাখ টাকা অর্থদণ্ডও করা হয়।

শেয়ার করুনঃ
Advertisement