দুঃখ প্রকাশের পর রাইফেল ফেরত পেল বিএসএফ

দুঃখ প্রকাশের পর রাইফেল ফেরত পেল বিএসএফ হাতীবান্ধা সীমান্তে ব্যাটালিয়ন পর্যায়ের পতাকা বৈঠক। ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি প্রতিবেদক

Published : ১৬:২৩, ২৬ আগস্ট ২০২৬

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বাংলাদেশের ভূখণ্ডে ঢুকে কৃষকদের মারধরের অভিযোগ ওঠার পর গ্রামবাসীর ধাওয়ায় ফেলে যাওয়া ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যদের দুটি শটগান ও একটি ওয়াকিটকি ফেরত দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২৬ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল সীমান্তের ৯০৭ নম্বর মেইন পিলার এলাকায় কয়েকজন বাংলাদেশি কৃষক জমিতে কাজ করছিলেন। এ সময় কয়েকজন বিএসএফ সদস্য সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের ভেতরে প্রবেশ করে কৃষকদের মারধর করেন বলে অভিযোগ ওঠে।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় গ্রামবাসীরা ঘটনাস্থলে গিয়ে বিএসএফ সদস্যদের ধাওয়া করেন। এ সময় বিএসএফ সদস্যরা দুটি শটগান ও একটি ওয়াকিটকি ফেলে ভারতের দিকে চলে যান।

পরে খবর পেয়ে বনচৌকী ক্যাম্পের বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অস্ত্র দুটি ও ওয়াকিটকি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেন। পরিস্থিতি পর্যবেক্ষণে ঘটনাস্থল পরিদর্শন করেন ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম।

পতাকা বৈঠকে বিএসএফের দুঃখ প্রকাশ
ঘটনার পর মঙ্গলবার সন্ধ্যায় একই সীমান্ত এলাকায় ব্যাটালিয়ন পর্যায়ে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য বিএসএফের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করা হয়।

বিজিবির পক্ষ থেকে উদ্ধার করা অস্ত্র ও যোগাযোগের সরঞ্জাম নির্ধারিত প্রক্রিয়ায় বিএসএফ কর্তৃপক্ষের কাছে ফেরত দেওয়া হয়।

লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, বিএসএফের কমান্ড্যান্ট অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য বিজিবির কাছে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছেন। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটানোর বিষয়ে সতর্ক থাকার পাশাপাশি ঘটনায় জড়িত সদস্যদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বৈঠক শেষে সরকারি ও প্রশাসনিক বিধি অনুসরণ করে উদ্ধার করা দুটি শটগান ও একটি ওয়াকিটকি বিএসএফ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুনঃ
Advertisement