চলন্ত তিস্তা এক্সপ্রেসের দুই বগি বিচ্ছিন্ন, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

চলন্ত তিস্তা এক্সপ্রেসের দুই বগি বিচ্ছিন্ন, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১১:৫০, ৬ অক্টোবর ২০২৬

ময়মনসিংহের গফরগাঁওয়ে চলন্ত অবস্থায় আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের দুটি বগির সংযোগ হুক ভেঙে বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ঘটনার পর ঢাকা-ময়মনসিংহ রেলপথে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে কাওরাইদ ও মশাখালী রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী তিস্তা এক্সপ্রেস ওই এলাকায় পৌঁছালে ‘ন’ ও ‘ত’ নম্বর বগির সংযোগ হুক হঠাৎ ভেঙে যায়। এতে বগি দুটি পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।

বিষয়টি বুঝতে পেরে চালক দ্রুত ট্রেন থামিয়ে দেন। ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, বিচ্ছিন্ন বগিগুলোর সংযোগ হুক মেরামতের জন্য রেলওয়ের কর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন। মেরামত শেষ হলে তিস্তা এক্সপ্রেসকে আবার দেওয়ানগঞ্জের উদ্দেশে পাঠানো হবে।

বগি বিচ্ছিন্ন হওয়ার কারণে ওই রেলপথে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে একই পথে চলাচলকারী অন্য ট্রেনও কিছু সময়ের জন্য আটকা পড়তে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

শেয়ার করুনঃ
Advertisement