২ ডিসেম্বর কুষ্টিয়ায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
Published : ১৭:০৪, ২৪ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী আগামী ২ ডিসেম্বর কুষ্টিয়া সফরে গিয়ে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করবেন। এ উপলক্ষে সম্ভাব্য উদ্বোধনস্থল পরিদর্শন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। সরকারের ২০ হাজার কিলোমিটার নদী-খাল খনন, পুনঃখনন ও পুনরুদ্ধার কর্মসূচির অংশ হিসেবে এসব খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে কুষ্টিয়ায় পৌঁছে প্রতিমন্ত্রী পর্যায়ক্রমে বিশ্বরোড সংলগ্ন গঙ্গা-কপোতাক্ষ (জিকে) খাল, চিনিকল মোড় ও জগতি সংলগ্ন মরা গড়াই খাল এবং মঙ্গলবাড়িয়া বাজার এলাকার মরা গড়াই খাল পরিদর্শন করেন।
এ সময় সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, কুষ্টিয়ার জেলা প্রশাসক, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি এবং বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ জানান, প্রধানমন্ত্রী আগামী ২ ডিসেম্বর কুষ্টিয়ায় খাল খনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
জিকে খাল প্রকল্পের সম্ভাব্য সুফল তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রায় এক লাখ হেক্টর জমির কৃষক চাষাবাদে বাড়তি সুবিধা পাবেন। এতে প্রায় এক লাখ মণ অতিরিক্ত ধান এবং ৯ থেকে ১০ লাখ মেট্রিক টন অন্যান্য সবজি উৎপাদনের সম্ভাবনা তৈরি হবে। পাশাপাশি ৪০ লাখের বেশি মানুষ সেচ সুবিধার আওতায় আসবেন। এতে কৃষকদের সেচসংক্রান্ত সমস্যা কমার পাশাপাশি জীবন-জীবিকার মান উন্নত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
প্রতিমন্ত্রী জানান, ‘গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্পের জরুরি রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন’ শীর্ষক প্রায় ১ হাজার ২৯৯ কোটি ৯৬ লাখ টাকার প্রকল্পটি বাস্তবায়িত হলে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও মাগুরা জেলার ১৩টি উপজেলার প্রায় ৯৫ হাজার ৬১৬ হেক্টর জমিতে নিরবচ্ছিন্ন সেচ সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে।
এ ছাড়া কুষ্টিয়া সদর উপজেলার প্রায় ৮ দশমিক ১৭ কিলোমিটার দীর্ঘ মরা গড়াই খাল খননের সম্ভাব্যতা ও প্রয়োজনীয়তা নিয়েও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন তিনি। খালটি কবরবাড়িয়া নিম্নাঞ্চল থেকে উৎপন্ন হয়ে কুষ্টিয়া সুগার মিলের ভেতর দিয়ে গড়াই নদীতে মিলিত হয়েছে। এটি খননে আনুমানিক ১০ কোটি টাকা ব্যয় হতে পারে।
নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ যথাযথ মান বজায় রেখে শেষ করার প্রত্যয় ব্যক্ত করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন তিনি।





























