দিনের কর্মসূচি শেষে সচিবালয়ে তারেক রহমান
Published : ১৯:৪২, ২৪ নভেম্বর ২০২৬
নোয়াখালীর স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ মহড়া পরিদর্শন শেষে ঢাকায় ফিরে বিশ্রামে না গিয়ে সচিবালয়ে দাপ্তরিক কাজে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৫টা ১৫ মিনিটে সচিবালয়ে পৌঁছে নিয়ম অনুযায়ী ফিঙ্গারপ্রিন্ট দিয়ে উপস্থিতি নিশ্চিত করেন তিনি। এরপর সন্ধ্যা পর্যন্ত কয়েকটি গুরুত্বপূর্ণ দাপ্তরিক কাজে অংশ নেন।
এর আগে দিনের কর্মসূচিতে অংশ নিতে সকাল ৮টা ৩০ মিনিটে বাসা থেকে বের হন প্রধানমন্ত্রী। সকাল সাড়ে ১০টায় হেলিকপ্টারে ঢাকা থেকে নোয়াখালীর স্বর্ণদ্বীপের উদ্দেশে যাত্রা করেন তিনি। বেলা সাড়ে ১১টায় তাঁকে বহনকারী হেলিকপ্টার স্বর্ণদ্বীপে অবতরণ করে।
স্বর্ণদ্বীপে সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলনের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী সেনাপ্রধানকে পাশে নিয়ে একটি আর্মি ট্যাকটিক্যাল ভেহিকল বা সাঁজোয়া যান চালিয়ে মহড়ার চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করেন।
এ সময় তিনি দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী ঘুরে দেখেন। পাশাপাশি অনুশীলনস্থলে তিন বাহিনীর কর্মকর্তা ও জওয়ানদের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
বিশেষ এই মহড়ায় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নেয়।
মহড়া পরিদর্শন শেষে বিকেলে হেলিকপ্টারে ঢাকায় ফেরেন প্রধানমন্ত্রী। এরপর দিনের কর্মসূচি শেষ করে বিশ্রামে না গিয়ে সরাসরি সচিবালয়ে গিয়ে দাপ্তরিক কাজ শুরু করেন তিনি।





























