কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা: ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ পুলিশের

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা: ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ পুলিশের ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১১:৪২, ১০ অক্টোবর ২০২৬

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন (১৪) হত্যা মামলার তদন্তে নতুন তথ্য জানিয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তে সিএনজিচালিত অটোরিকশাচালক সুমন মিয়ার বিরুদ্ধে তাজমিনকে ধর্ষণ ও পরে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতেই তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা তদন্তকারীদের।

শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) পঙ্কজ বড়ুয়া।

পুলিশের ভাষ্য অনুযায়ী, শর্টকাট রাস্তা ব্যবহারের কথা বলে তাজমিনকে নির্জন স্থানে নিয়ে যান অটোরিকশাচালক। সেখানে তাকে ধর্ষণের পর শ্বাসরোধ করা হয়। এ সময় মাথায় পা দিয়ে চেপে ধরে তার মৃত্যু নিশ্চিত করা হয় বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

এর আগে ৮ অক্টোবর লালমাই উপজেলার জগতপুর চরপাড়া গ্রামের একটি ধানক্ষেতের পাশ থেকে তাজমিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় হত্যা মামলা হওয়ার পর জেলা পুলিশ ও গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে চট্টগ্রাম থেকে অটোরিকশাচালক সুমন মিয়াকে গ্রেপ্তার করা হয়।

নিহত তাজমিন যশোর সদর উপজেলার ছাতিয়াতলা গ্রামের আব্দুল আলিমের মেয়ে। বাবার চাকরির সুবাদে পরিবারের সঙ্গে কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকায় ভাড়া বাসায় থাকত সে। তার বাবা রেনেটা ওষুধ কোম্পানির কুমিল্লা অঞ্চলে কর্মরত।

তাজমিন কুমিল্লা নগরীর ফরিদা বিদ্যায়তনের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। তবে স্কুল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সে আর বিদ্যালয়ে যাচ্ছিল না।

ঘটনার প্রকৃত পরিস্থিতি, হত্যার উদ্দেশ্য এবং অন্য কেউ জড়িত ছিল কি না, তা তদন্ত করে দেখছে পুলিশ।

শেয়ার করুনঃ
Advertisement