ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন
Published : ১১:৩৫, ১০ অক্টোবর ২০২৬
নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন মারা গেছেন। ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর শনিবার (১০ অক্টোবর) সকাল ৭টায় ভারতের কলকাতার একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম শনিবার সকালে নিজের ফেসবুক পোস্টে রোটনের মৃত্যুর খবর জানান। একই সঙ্গে তিনি শোক প্রকাশ করে প্রয়াত এই নেতার সঙ্গে দীর্ঘদিনের রাজনৈতিক পথচলার স্মৃতিচারণ করেন।
আমিনুল ইসলাম লেখেন, ১৯৯৬ সালের আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে তাঁরা একসঙ্গে কাজ করেছেন। ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচয়ের পর রোটন দীর্ঘ রাজনৈতিক পথ পেরিয়ে সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হয়েছিলেন। তিনি রোটনকে মুজিবাদর্শের একজন নিবেদিত কর্মী হিসেবেও উল্লেখ করেন।
রোটন দুই বছরের বেশি সময় ধরে চিকিৎসার জন্য কলকাতায় অবস্থান করছিলেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত ৪ অক্টোবর রাতে তাঁকে কলকাতার অ্যাপোলো হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
মাহফুজুল হায়দার চৌধুরী রোটন ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। ওই কমিটির সভাপতি ছিলেন মাহমুদ হাসান রিপন।
ছাত্রলীগের রাজনীতির মধ্য দিয়ে পরিচিতি পাওয়া রোটন পরবর্তী সময়ে আওয়ামী লীগের রাজনীতিতেও সক্রিয় ছিলেন। চট্টগ্রামের রাউজানের এই রাজনীতিবিদ ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। ২০২১ সালে দলটির শ্রম ও জনশক্তিবিষয়ক উপকমিটির সদস্য হিসেবেও মনোনীত হন তিনি।
রোটনের মৃত্যুতে শোক প্রকাশ করে আমিনুল ইসলাম তাঁর পরিবারের সদস্যদের এই শোক কাটিয়ে ওঠার শক্তি কামনা করেছেন।































