‘এক লুটেরার হাত থেকে আরেক লুটেরার হাতে ক্ষমতা গেছে’: শফিকুর রহমান
Published : ১১:১০, ১৭ অক্টোবর ২০২৬
দেশের মানুষের মৌলিক অধিকার এখনো প্রতিষ্ঠিত হয়নি এবং সমাজে দুর্নীতি, অনিয়ম ও অন্যায় বেড়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তাঁর ভাষায়, ‘মনে হচ্ছে এক লুটেরার হাত থেকে আরেক লুটেরার হাতে ক্ষমতা ন্যস্ত হয়েছে।’
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে গাজীপুর মহানগর জামায়াতের উদ্যোগে টঙ্গীর শহীদ আব্দুল মালেক মিলনায়তনে ২০২৬ সালের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের প্রশ্নে বর্তমান সরকার জনগণের প্রত্যাশা পূরণ করছে না। তাঁর দাবি, বর্তমান সরকার আগের আওয়ামী লীগ সরকারের দেখানো পথেই হাঁটছে। এভাবে চলতে থাকলে বর্তমান সরকারকেও আগের সরকারের মতো রাজনৈতিক পরিণতির মুখোমুখি হতে হতে পারে বলে মন্তব্য করেন তিনি।
দুর্নীতি ও দলীয়করণের অভিযোগ
বর্তমান সরকারের সমালোচনা করে জামায়াত আমির বলেন, বিচার বিভাগ ও শিক্ষাঙ্গনে দলীয়করণ, দুর্নীতি এবং অনিয়ম নিয়ে অভিযোগ উঠছে। ২০২৪ সালের পরিবর্তনের মধ্য দিয়ে জনগণ শোষণমুক্ত, বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা করেছিল। কিন্তু এখন বৈষম্যের নতুন মাত্রা যুক্ত হচ্ছে বলে তিনি দাবি করেন।
শিক্ষাঙ্গনে দলীয়করণ, লুটপাট ও উন্নয়ন কর্মকাণ্ডে অনিয়মের অভিযোগ তুলে তিনি বলেন, জনগণ এমন পরিবর্তন প্রত্যাশা করেনি। তাঁর মতে, দেশের মানুষ নিরাপত্তা, ন্যায়বিচার ও বৈষম্যহীন সমাজ চায়। এসব প্রত্যাশা পূরণে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
রুকনদের নৈতিকতা ও উত্তম আচরণের আহ্বান
সম্মেলনে দলের রুকনদের উদ্দেশে ডা. শফিকুর রহমান ইসলামী আদর্শ ধারণ করে ব্যক্তিগত জীবন গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, নিজের নফসকে নিয়ন্ত্রণ করার পাশাপাশি পরিবার ও সমাজের প্রতিও দায়িত্বশীল হতে হবে।
মানুষের সঙ্গে সম্মানজনক আচরণ ও ভালো ব্যবহার করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, সমাজের মানুষকে অবজ্ঞা না করে তাঁদের সম্মান অর্জনের মাধ্যমে ইসলামের আদর্শ তুলে ধরতে হবে। শুধু শক্তি প্রয়োগ করে ইসলাম প্রতিষ্ঠিত হয়নি; মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর উত্তম চরিত্র, আচরণ ও আদর্শ মানুষকে আকৃষ্ট করেছে।
তাই ব্যক্তিগত জীবন, পারিবারিক আচরণ ও সামাজিক কর্মকাণ্ডে ইসলামের শিক্ষা প্রতিফলিত করার আহ্বান জানান তিনি।
জামায়াত আমির আরও বলেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহর দাসত্ব করাই মানুষের জীবনের উদ্দেশ্য। সুদকে ইসলামে হারাম উল্লেখ করে তিনি ব্যক্তিগত ও সামাজিক জীবনে ধর্মীয় বিধান মেনে চলার আহ্বান জানান। মৃত্যু যেকোনো সময় আসতে পারে—এ কথা স্মরণ রেখে উত্তম আমলের মাধ্যমে জীবনের শেষ পরিণতির জন্য প্রস্তুত থাকার কথাও বলেন তিনি।
স্থানীয় নির্বাচনে বিজয়ের প্রস্তুতি নেওয়ার আহ্বান
গাজীপুরের গুরুত্ব তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল, যেখানে শিল্পমালিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের বসবাস। তাই স্থানীয় নির্বাচনে জনগণের সমর্থন অর্জনে জামায়াতের নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
আগামী স্থানীয় নির্বাচনে বিজয়ী হতে সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশ ও জাতির প্রত্যাশা পূরণে জামায়াতে ইসলামীকে এগিয়ে আসতে হবে। বাধা এলে আন্দোলন-সংগ্রামের মাধ্যমে তা মোকাবিলা করতে হবে। তাঁর বক্তব্যে আল-কোরআনের আদর্শ অনুসারে সমাজ ও রাষ্ট্র পরিচালনার প্রত্যয়ও উঠে আসে।
সম্মেলনে উপস্থিত নেতারা
গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য উপাধ্যক্ষ আব্দুর রউফ, মাওলানা শাহজাহান ও মাওলানা দেলাওয়ার হোসেন। এ ছাড়া উত্তরাঞ্চলের দায়িত্বশীল ড. খলিলুর রহমান মাদানী, গাজীপুর জেলা জামায়াতের সাবেক আমির আবুল হাশেম খান এবং জেলা আমির ড. জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর মহিলা বিভাগের সেক্রেটারি আমেনা বেগম, মহানগর নায়েবে আমির মো. খায়রুল হাসান ও মো. হোসেন আলী, মহানগর সেক্রেটারি এ এস এম ফারুক, সহকারী সেক্রেটারি আফজাল হোসেনসহ স্থানীয় নেতারা।




























