সীতাকুণ্ডে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

সীতাকুণ্ডে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২ ছবি: সংগৃহীত

চট্টগ্রাম প্রতিনিধি

Published : ১৩:০৭, ২২ অক্টোবর ২০২৬

চট্টগ্রামের সীতাকুণ্ডে ১৯ বছর বয়সী এক তরুণীকে অপহরণ করে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপর অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সীতাকুণ্ডের বাসিন্দা সঞ্জয় কুমার ঘোষ (৩৮) ও আলাউদ্দিন (৪০)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্থানীয় একটি বাজারে পরিচ্ছন্নতার কাজ শেষে বাড়ি ফিরছিলেন ওই তরুণী। অভিযোগ অনুযায়ী, এ সময় রহিম উদ্দিন নামে এক ব্যক্তি তাঁকে জোরপূর্বক ব্যাটারিচালিত অটোরিকশায় তুলে একটি স্কুলের পাশে নিয়ে যান। সেখানে আগে থেকেই অবস্থান করছিলেন আলাউদ্দিন। পরে মোবাইল ফোনে সঞ্জয় কুমার ঘোষকে ডেকে নেওয়া হয়।

এজাহারে অভিযোগ করা হয়েছে, সেখানে তরুণীর মুখ গামছা দিয়ে বেঁধে তিনজন মিলে তাঁকে ধর্ষণ করেন। পরে তাঁকে ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যান অভিযুক্তরা।

ঘটনার পর বুধবার (২১ অক্টোবর) সকালে ভুক্তভোগীর মা বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানায় মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে সঞ্জয় কুমার ঘোষ ও আলাউদ্দিনকে গ্রেপ্তার করে। একই দিন দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, এ ঘটনায় তিনজনকে আসামি করে মামলা হয়েছে। দুজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপর আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।

শেয়ার করুনঃ
Advertisement