সৎ মানুষের রাজনীতির পরিবেশ নেই: স্পিকার

সৎ মানুষের রাজনীতির পরিবেশ নেই: স্পিকার ছবি: সংগৃহীত

ভোলা প্রতিনিধি

Published : ১৩:১৪, ২২ অক্টোবর ২০২৬

সমাজের নিকৃষ্ট ব্যক্তিরা সংসদ সদস্য ও মন্ত্রী হন, আর সবচেয়ে দুর্নীতিবাজরা সমাজের নেতা হয়ে গেছেন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম। তাঁর মতে, সৎ মানুষের রাজনীতি করার উপযুক্ত পরিবেশ গড়ে তোলা সম্ভব হয়নি।

বুধবার (২১ অক্টোবর) বিকেলে ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) এশিয়া-প্যাসিফিক গ্রুপের (এপিজি) চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

বক্তব্যে স্পিকার বলেন, ‘সবচেয়ে বড় দুর্নীতিবাজরা সমাজের বড় নেতা হয়ে গেছে। এর জন্য আমি আপনাদের দোষ দিই না, সমাজব্যবস্থাটাই এমন হয়ে গেছে। এখানে ভালো মানুষের নির্বাচনে দাঁড়াবার সুযোগ নেই। সৎ লোকের রাজনীতি করার পরিবেশ আমরা তৈরি করতে পারিনি। তবে দেশ সবসময় এমন থাকবে না।’

তিনি আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘আওয়ামী লীগের দুঃশাসন থেকে যেহেতু আমরা মুক্ত হয়েছি, আগামী দিনে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের মানুষের ওপর দয়া করবেন এবং আমরা একটি সুন্দর সমাজ গঠন করতে পারব।’

তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন।

শেয়ার করুনঃ
Advertisement