কাভারাৎসখেলিয়ার পাশে রোনালদো

কাভারাৎসখেলিয়ার পাশে রোনালদো ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

Published : ১৩:২৭, ২২ অক্টোবর ২০২৬

হাঁটুর গুরুতর চোটে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) জর্জিয়ান উইঙ্গার খভিচা কাভারাৎসখেলিয়া। কঠিন এই সময়ে তাঁর পাশে দাঁড়িয়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা দিয়ে কাভারাৎসখেলিয়াকে মানসিক শক্তি জুগিয়েছেন আল-নাসরের এই তারকা।

চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার বিপক্ষে পিএসজির ৪-২ গোলের জয়ের রাতে বড় ধাক্কা খায় দলটি। ম্যাচের একপর্যায়ে জাভি এস্পার্তের সঙ্গে সংঘর্ষে ডান হাঁটুতে গুরুতর আঘাত পান ২৫ বছর বয়সী কাভারাৎসখেলিয়া। পরবর্তী পরীক্ষায় তাঁর অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ছিঁড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে ক্লাব কর্তৃপক্ষ।

আগামী কয়েক দিনের মধ্যে অস্ত্রোপচার করাতে হবে জর্জিয়ান এই তারকাকে। এরপর শুরু হবে তাঁর পুনর্বাসন ও মাঠে ফেরার দীর্ঘ লড়াই। পিএসজি এখনো তাঁর ফেরার নির্দিষ্ট সময় জানায়নি। তবে এ ধরনের গুরুতর চোট থেকে সেরে উঠতে সাধারণত দীর্ঘ সময় লাগে, অনেক ক্ষেত্রে পুরো মৌসুমও মাঠের বাইরে থাকতে হয়।

গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৮ ম্যাচে ১৯টি গোল করে পিএসজির টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন কাভারাৎসখেলিয়া। চলতি বছর ব্যালন ডি’অর জয়ের অন্যতম দাবিদার হিসেবেও বিবেচিত হচ্ছিলেন তিনি। এমন সময়ে চোটটি তাঁর ক্যারিয়ারে বড় ধাক্কা হয়ে এসেছে।

এই কঠিন সময়ে কাভারাৎসখেলিয়ার ইনস্টাগ্রাম পোস্টে মন্তব্য করে তাঁকে সাহস জুগিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। নিজের দীর্ঘ ক্যারিয়ারে নানা চোটের অভিজ্ঞতা থেকে রোনালদো তাঁর পরিস্থিতির সঙ্গে সহমর্মিতা প্রকাশ করেন।

রোনালদো লেখেন, ‘ফুটবলের সবচেয়ে কঠিন যুদ্ধগুলো সাধারণত কেউ দেখতে পায় না। আমি তোমার এই অনুভূতিটা খুব ভালো করেই বুঝতে পারছি, কাভা। তবে মনে রেখো, কোনটা তোমাকে আজ এত দূর নিয়ে এসেছে। এই কঠিন মুহূর্ত যেন তোমাকে নিজের সামর্থ্য নিয়ে বিন্দুমাত্র সংশয়ে না ফেলে। ভেতরের আগুনটা জ্বালিয়ে রাখো, তোমার সেরাটা দেওয়া এখনো বাকি।’

শেয়ার করুনঃ
Advertisement