ইরান সীমান্তে ইসরায়েলের যুদ্ধবিমান, বাড়ল উত্তেজনা
Published : ১২:৫৬, ২২ অক্টোবর ২০২৬
ইরানকে সামরিক শক্তির বার্তা দিতে এবং সম্ভাব্য হামলা থেকে বিরত রাখতে দেশটির সীমান্তের কাছাকাছি যুদ্ধবিমানের মহড়া চালিয়েছে ইসরায়েল। সোমবার কয়েক ডজন ইসরায়েলি যুদ্ধবিমান ও জ্বালানি সরবরাহকারী বিমান এ অভিযানে অংশ নেয়। বুধবার ইসরায়েলি ও মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে সংবাদমাধ্যম অ্যাক্সিওস।
প্রতিবেদন অনুযায়ী, বিমানগুলো ইসরায়েল থেকে ৮০০ মাইলেরও বেশি পথ পাড়ি দিয়ে সিরিয়া ও ইরাকের আকাশসীমা অতিক্রম করে। তাদের উড্ডয়নপথ ইরানে সম্ভাব্য হামলার ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে—এমন রুটের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল।
ইরানের সীমান্তের কাছাকাছি পৌঁছানোর পর বিমানগুলো ফিরে ইসরায়েলে চলে যায়। অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, এ বিষয়ে আগেই যুক্তরাষ্ট্রকে অবহিত করেছিল ইসরায়েল। ইসরায়েলি কর্মকর্তারা এটিকে প্রশিক্ষণ মহড়া হিসেবে বর্ণনা করেছেন। তাঁদের ভাষ্য, ২৭ অক্টোবরের ইসরায়েলি নির্বাচনের আগে ইরানকে ইসরায়েলে হামলা চালানো থেকে বিরত রাখাই ছিল এর উদ্দেশ্য।
মার্কিন কর্মকর্তাদের মতে, ইসরায়েল জানত যে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এসব বিমান শনাক্ত করতে পারবে। অ্যাক্সিওসকে কয়েকজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, তাঁদের ধারণা ছিল—ইসরায়েল হয়তো আশা করছিল ইরান যুদ্ধবিমানগুলো লক্ষ্য করে গুলি চালাবে। এমন পরিস্থিতি তৈরি হলে ইরানের বিরুদ্ধে পাল্টা হামলার অজুহাত পাওয়ার সম্ভাবনা থাকত বলে তাঁরা মনে করেন।
তবে ইসরায়েলি ও মার্কিন কর্মকর্তাদের আরেকটি অংশ এই বিমান অভিযানকে অস্বাভাবিক বলে মনে করেননি। তাঁদের ব্যাখ্যা, ইরানকে সম্ভাব্য হামলা থেকে নিবৃত্ত করতেই এ ধরনের সামরিক তৎপরতা চালানো হয়েছে।

































