ঢাকা-আরিচা মহাসড়কে বাসের ধাক্কায় নিহত ২

ঢাকা-আরিচা মহাসড়কে বাসের ধাক্কায় নিহত ২ ছবি: সংগৃহীত

মানিকগঞ্জ প্রতিনিধি

Published : ১৪:১৭, ২২ অক্টোবর ২০২৬

মানিকগঞ্জের বরঙ্গাইল এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে অটোরিকশাকে সেলফি পরিবহনের বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা প্রায় দেড় ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে জেলা প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।

নিহতরা হলেন মানিকগঞ্জের ঘিওর উপজেলার মৌহালি এলাকার শাহিনের ছেলে ইয়াসিন (২০) এবং একই এলাকার মৌজাহারের ছেলে বাবুল (৩০)। ইয়াসিন অটোরিকশাচালক ছিলেন। দুর্ঘটনায় গুরুতর আহত ইয়াসিনের বাবা শাহিনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মিলাদ মাহফিলের বাজার করতে ইয়াসিন অটোরিকশা নিয়ে বরঙ্গাইল স্ট্যান্ডে এসেছিলেন। অটোরিকশাটি মোড় ঘোরানোর সময় পাটুরিয়া থেকে আসা সেলফি পরিবহনের একটি বাস সেটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহত অপর দুজনকে হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান।

দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয় লোকজন ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন। এতে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় দেড় ঘণ্টা পর জেলা প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।

বরঙ্গাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ক্ষতিগ্রস্তরা সর্বোচ্চ বিচার পাবেন বলেও জানান তিনি। সেলফি পরিবহনের বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে এবং বাসটি আটক করা হয়েছে।

শেয়ার করুনঃ
Advertisement