ভাঙ্গায় প্রতিমা বিসর্জন ঘিরে সংঘর্ষ, আহত ১০
Published : ১৪:৩৬, ২২ অক্টোবর ২০২৬
ফরিদপুরের ভাঙ্গায় নদীর ঘাটে প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। বুধবার (২১ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে ভাঙ্গা পৌরসভার দুধ বাজার এলাকায় নদীর ঘাটে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিনজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং একজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
সূত্র জানায়, ভাঙ্গা বাজার চালপট্টি হরিমন্দির যুব সংঘ এবং কুমারপট্টি তরুণ সংঘের উদ্যোগে প্রায় ৫০ হাত দূরত্বে পাশাপাশি দুটি পূজামণ্ডপে শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন হয়। রাত ৩টার দিকে প্রথমে হরিমন্দির যুব সংঘের সদস্যরা প্রতিমা বিসর্জন দিতে নদীর ঘাটে যান। কিছুক্ষণ পর কুমারপট্টি তরুণ সংঘের সদস্যরাও সেখানে পৌঁছান।
অভিযোগ অনুযায়ী, এ সময় কুমারপট্টি তরুণ সংঘের একটি প্রতিমা রাস্তার ওপর রাখা হলে হরিমন্দিরের সভাপতি স্বপন দাস সেটি সরিয়ে রাখতে বলেন। জবাবে তরুণ সংঘের সভাপতি সুব্রত রায় সরকারি রাস্তার ওপর প্রতিমা রাখায় সেটি কেন সরাতে হবে, এমন প্রশ্ন তোলেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে কুমারপট্টি তরুণ সংঘের ২০ থেকে ৩০ জন সদস্য লাঠিসোঁটা নিয়ে হরিমন্দির যুব সংঘের লোকজনের ওপর হামলা চালান বলে অভিযোগ উঠেছে। এতে হরিমন্দির যুব সংঘের সভাপতি তপন দাসসহ অন্তত ১০ জন আহত হন।
হরিমন্দিরের সভাপতি স্বপন দাস বলেন, তিনি নিজে, তাঁর স্ত্রী, ভাইসহ তাঁদের ১০ থেকে ১২ জন আহত হয়েছেন। সামান্য ঘটনা নিয়ে তরুণ সংঘের সভাপতি সুব্রত রায়ের নির্দেশে তাঁদের ওপর হামলা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনার বিচারও দাবি করেন স্বপন দাস।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ রাতে ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে শান্ত করে। তবে এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।































