হরমুজে অনুমোদনহীন পথে জাহাজ চললে মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি ইরানের
Published : ১৫:০৮, ২২ অক্টোবর ২০২৬
হরমুজ প্রণালিতে ইরানের অনুমোদনহীন রুট দিয়ে জাহাজ চলাচলের চেষ্টা করা হলে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালানোর হুমকি দিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের নৌ কমান্ড। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে তারা সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্র জাহাজ চলাচলে জোর দিতে থাকলে ইরানের প্রতিরোধমূলক পদক্ষেপ এ অঞ্চলে মার্কিন ঘাঁটি পর্যন্ত বিস্তৃত হতে পারে।
বিপ্লবী গার্ডের নৌ কমান্ডের ভাষ্য, নিষেধাজ্ঞা সত্ত্বেও যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের চেষ্টা চালিয়ে যাওয়ায় গত কয়েক দিনে মাইনে আঘাত লেগে একাধিক জাহাজ দুর্ঘটনার শিকার হয়েছে। এরপরও অনুমোদনহীন পথে জাহাজ চলাচলের চেষ্টা অব্যাহত থাকলে মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ‘যুক্তরাষ্ট্রের আগ্রাসনকারী সেনাবাহিনীকে অবশ্যই বুঝতে হবে, যদি এটি অব্যাহত থাকে, তাহলে প্রতিরোধ আগ্রাসনকারীদের এ অঞ্চলের ঘাঁটি পর্যন্ত বিস্তৃত হবে। এটি একটি সিরিয়াস সতর্কতা।’
এর আগে বৃহস্পতিবার সকালে ইরানের বিপ্লবী গার্ড জানায়, তেল চোরাচালানে জড়িত চারটি জাহাজে তারা হামলা চালিয়েছে। এতে জাহাজগুলোতে আগুন ধরে যায় বলে দাবি করা হয়েছে। অন্যদিকে, হরমুজ প্রণালির পূর্বাঞ্চলে তিনটি জাহাজ মাইনে আঘাত পেয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হরমুজ প্রণালিতে অবরোধ আরোপ করে রেখেছে ইরান। যুক্তরাষ্ট্রও পাল্টা নৌ-অবরোধ আরোপ করেছে। ফলে গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে।
তবে অবরোধের মধ্যেও ছোট ছোট জাহাজে করে আরব দেশগুলোর তেল হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হচ্ছিল। প্রতিবেদনে বলা হয়েছে, সেপ্টেম্বরে তেল সরবরাহ যুদ্ধ-পরবর্তী সময়ের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। এরপর থেকে ইরান ছোট জাহাজগুলোকে লক্ষ্য করে হামলা শুরু করেছে বলে উল্লেখ করা হয়েছে।

































