আমতলীতে পর্যটকবাহী বাস খাদে, আহত অন্তত ২৫

আমতলীতে পর্যটকবাহী বাস খাদে, আহত অন্তত ২৫ ছবি: সংগৃহীত

বরগুনা প্রতিনিধি

Published : ১৫:০২, ২২ অক্টোবর ২০২৬

কুয়াকাটায় পর্যটন কার্নিভালে যোগ দিতে ঢাকা থেকে ছেড়ে আসা পর্যটকবাহী একটি বাস বরগুনার আমতলীতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে আমতলী উপজেলার বান্দ্রা বাজার এলাকায় বরিশাল-কুয়াকাটা মহাসড়কে এ দুর্ঘটনায় অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে চার থেকে পাঁচজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

দুর্ঘটনায় আহত ব্যক্তিদের উদ্ধার করে আমতলী ও পটুয়াখালীর কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত চার থেকে পাঁচজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ইমরান পরিবহনের বাসটি গত বুধবার রাতে ঢাকা থেকে পর্যটক ও যাত্রী নিয়ে কুয়াকাটার উদ্দেশে রওনা হয়। বৃহস্পতিবার সকালে বান্দ্রা বাজার এলাকায় পৌঁছানোর সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে বাসটি দুমড়েমুচড়ে যায় এবং অন্তত ২৫ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করেন।

আমতলী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. মাহবুবুর আলম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। বাসটির বেশির ভাগ যাত্রী কুয়াকাটার পর্যটন কার্নিভালে যাচ্ছিলেন বলেও জানান তিনি।

মাহবুবুর আলম আরও বলেন, প্রাথমিকভাবে তাঁরা জানতে পেরেছেন, বান্দ্রা বাজারের আগের একটি স্টপেজে বাসচালক নেমে যাওয়ার পর হেলপার বাসটি চালাচ্ছিলেন। সড়কের একটি বাঁক ঘোরার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি, তবে ২০ থেকে ২৫ জন যাত্রী আহত হয়েছেন। বাসের চালক ও হেলপার পলাতক থাকায় তাঁদের আটক করা যায়নি। দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

শেয়ার করুনঃ
Advertisement