সীমান্তে ৩২ স্বর্ণের বারসহ আটক ২, মূল্য প্রায় সাড়ে ৭ কোটি টাকা

সীমান্তে ৩২ স্বর্ণের বারসহ আটক ২, মূল্য প্রায় সাড়ে ৭ কোটি টাকা ছবি: সংগৃহীত

মেহেরপুর প্রতিনিধি

Published : ১৬:৪১, ১ নভেম্বর ২০২৬

মেহেরপুরের মুজিবনগর সীমান্তে অভিযান চালিয়ে ৩২টি স্বর্ণের বারসহ দুই ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা স্বর্ণের ওজন ৩ কেজি ৯৪১ গ্রাম। বিজিবির হিসাবে এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৭ কোটি ৩৫ লাখ ১৯ হাজার ৩৫৫ টাকা।

রোববার (১ নভেম্বর) দুপুরে মুজিবনগর উপজেলার নাজিরাকোনা সীমান্তের নাগারবিল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিরা হলেন উপজেলার সোনাপুর নতুনপাড়া গ্রামের আসাদুল ও জুয়েল হোসেন।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে নাজিরাকোনা বিওপির একটি টহল দল নাগারবিল এলাকায় অবস্থান নেয়। দুপুর সাড়ে ১২টার দিকে একটি ব্যাগ নিয়ে সীমান্তের দিকে যাওয়া দুই ব্যক্তিকে সন্দেহ হলে বিজিবি সদস্যরা তাদের থামার নির্দেশ দেন।

এ সময় ব্যাগ ফেলে পালানোর চেষ্টা করেন ওই দুই ব্যক্তি। পরে বিজিবি সদস্যরা ধাওয়া করে তাদের আটক করেন। ফেলে যাওয়া ব্যাগে তল্লাশি চালিয়ে ৩২টি স্বর্ণের বার পাওয়া যায়।

স্বর্ণ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ৬ বিজিবির পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান। তিনি জানান, আটক দুজনকে মুজিবনগর থানায় হস্তান্তর এবং উদ্ধার করা স্বর্ণ মেহেরপুর ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

শেয়ার করুনঃ
Advertisement