তাহসিফ হত্যা: দিশার ৪ দিনের রিমান্ড

তাহসিফ হত্যা: দিশার ৪ দিনের রিমান্ড ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:৪৬, ১ নভেম্বর ২০২৬

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির হত্যা মামলায় গ্রেপ্তার জেরিকা তাসনীম দিশাকে (১৯) চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। রোববার (১ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেন শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা ও নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন দিশাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। মামলার তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

রিমান্ড আবেদনে বলা হয়েছে, গত রোববার দিবাগত রাত ২টার দিকে রাজধানীর কাফরুলে নিজ বাসা থেকে দিশাকে গ্রেপ্তার করা হয়। তদন্তের অংশ হিসেবে তথ্যপ্রযুক্তি ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা গেছে, গত ২৭ অক্টোবর রাতে নিহত তাহসিফের সঙ্গে উত্তরার নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্টে গিয়েছিলেন তিনি। এর আগে তারা একাধিকবার সিপি ফাইভ স্টার স্ন্যাকসেও গিয়েছিলেন।

আবেদনে আরও উল্লেখ করা হয়, একটি মোটরসাইকেল গ্যারেজে এ মামলার অপর রিমান্ডে থাকা আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপের (২৩) সঙ্গে দিশাকে একসঙ্গে দেখা গেছে। এ ছাড়া তাহসিফের সঙ্গে বিভিন্ন রেস্টুরেন্টে অবস্থান এবং মোটরসাইকেলে বিভিন্ন স্থানে ঘোরার তথ্যও তদন্তে পাওয়া গেছে। নিহতের মোবাইল ফোনের কল ডিটেইলস রেকর্ড (সিডিআর) বিশ্লেষণেও ঘটনার আগে দিশার সঙ্গে একাধিকবার যোগাযোগের প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে তদন্ত সংস্থা।

তদন্তকারী কর্মকর্তা আবেদনে দাবি করেন, প্রাথমিক তদন্তে তাহসিফ হত্যাকাণ্ডে দিশার সংশ্লিষ্টতার তথ্যপ্রমাণ পাওয়া গেছে। হত্যার প্রকৃত কারণ ও রহস্য উদঘাটন, অজ্ঞাতনামা অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার, হত্যাকাণ্ডের স্থান নির্ধারণ এবং আলামত উদ্ধারের জন্য তাকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। পাশাপাশি দীপের দেওয়া তথ্যের সঙ্গে দিশার বক্তব্য মিলিয়ে দেখার কথাও রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়।

মামলার নথি অনুযায়ী, গত ২৭ অক্টোবর সন্ধ্যায় বন্ধু ও জুনিয়র দীপের ডাকে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন তাহসিফ। পরদিন বিকেলে উত্তরখানের রাজাবাড়ী ঘাট এলাকায় তুরাগ নদ থেকে তার মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ।

এ ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে উত্তরখান থানায় মামলা করেন তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম। শুক্রবার রাত ১টা ৫ মিনিটে মামলাটি দায়ের করা হয়। পরে এ মামলায় দীপকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার দেখায় পুলিশ।

মামলার এজাহারে তাহসিফের বাবা উল্লেখ করেন, ২৭ অক্টোবর সন্ধ্যা ৬টার পর দীপের ডাকে বাসা থেকে বের হন তার ছেলে। রাত গভীর হলেও ফিরে না আসায় তার মা একাধিকবার ফোন করেন। তখন তাহসিফ কিছুক্ষণের মধ্যে বাসায় ফেরার কথা জানান। পরে রাত ১টা ৩৫ মিনিটে তার ফোন থেকে মায়ের মেসেঞ্জারে একটি ভয়েস বার্তা পাঠানো হয়, যেখানে বলা হয়, ‘রওনা দিয়েছি, আসছি’। তবে এরপর আর বাসায় ফেরেননি তিনি।

এজাহারে আরও বলা হয়, ২৮ অক্টোবর বিকেল ৫টা ২০ মিনিটের দিকে উত্তরখান নৌ পুলিশ ফোন করে পরিবারকে তুরাগ নদ থেকে তাহসিফের মরদেহ উদ্ধারের খবর জানায়। পরে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ময়নাতদন্তের প্রাথমিক কার্যক্রম শেষে ২৯ অক্টোবর দুপুরে নৌ পুলিশ পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করে। ওই দিন বিকেলে উত্তরা ১২ নম্বর সেক্টরের কবরস্থানে ধর্মীয় রীতি মেনে তাকে দাফন করা হয়।

শেয়ার করুনঃ
Advertisement