কোপ সাউথ-২০২৬’ মহড়া শুরু, অংশ নিচ্ছেন ১৩৮ সদস্য

কোপ সাউথ-২০২৬’ মহড়া শুরু, অংশ নিচ্ছেন ১৩৮ সদস্য ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:৫৩, ১ নভেম্বর ২০২৬

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর ১৩৮ সদস্যের অংশগ্রহণে পাঁচ দিনব্যাপী যৌথ মহড়া ‘এক্সারসাইজ কোপ সাউথ-২০২৬’ শুরু হয়েছে। রোববার (১ নভেম্বর) বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকারে এ মহড়ার উদ্বোধন করা হয়।

বাংলাদেশ বিমান বাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে রোববার মহড়া শুরুর বিষয়টি জানানো হয়। সশস্ত্র বাহিনী বিভাগের নির্দেশনায় এবং বাংলাদেশ বিমান বাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ঘাঁটির এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল হায়দার আব্দুল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ভারপ্রাপ্ত মিশন ডেপুটি চিফ তৃষিতা মওলা।

মহড়ায় বিষয়ভিত্তিক মতবিনিময় ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যদের পেশাগত দক্ষতা এবং কার্যক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এ সময় সি-১৩০জে ও সি-১৩০বি বিমানের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ, উড্ডয়ন নিরাপত্তা, বিপজ্জনক পদার্থ ব্যবস্থাপনা, অ্যারোস্পেস মেডিসিন ও ফিজিওলজি এবং আকাশপথে পণ্য পরিবহন ও ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হবে।

এ ছাড়া বিমানঘাঁটির প্রতিরক্ষা, বাহিনীর নিরাপত্তা এবং দুর্ঘটনাকবলিত উড়োজাহাজে অগ্নিনির্বাপণ ও উদ্ধার কার্যক্রম সম্পর্কেও জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করবেন অংশগ্রহণকারীরা।

পাঁচ দিনের এ মহড়ায় বাংলাদেশ বিমান বাহিনীর ১২০ জন এবং যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের (পিএসিএএফ) ১৮ জন সদস্য অংশ নিচ্ছেন।

মহড়ার অন্যতম লক্ষ্য দুই দেশের বিমান বাহিনীর মধ্যে আন্তঃকার্যক্ষমতা বাড়ানো এবং পেশাগত জ্ঞান ও সর্বোত্তম অনুশীলন বিনিময়। পাশাপাশি সি-১৩০ বিমানের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ কার্যক্রমের মানোন্নয়ন এবং ভবিষ্যৎ সক্ষমতা বৃদ্ধির বিষয়েও অভিজ্ঞতা বিনিময় করবেন দুই দেশের সদস্যরা।

শেয়ার করুনঃ
Advertisement