পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে ৬ সদস্যের বোর্ড গঠন

পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে ৬ সদস্যের বোর্ড গঠন ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:৩৭, ১ নভেম্বর ২০২৬

পোশাকশ্রমিকদের নতুন বেতন নির্ধারণে ছয় সদস্যের মজুরি বোর্ড গঠনের ঘোষণা দিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। রোববার (১ নভেম্বর) সচিবালয়ে এ ঘোষণা দেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। আজই এ বিষয়ে প্রজ্ঞাপন বা গেজেট প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তিনি।

মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্তের বিষয়ে শ্রমমন্ত্রী বলেন, শ্রমিক সংগঠনগুলোর সঙ্গে, বিশেষ করে গার্মেন্টস শ্রমিক নেতাদের নিয়ে প্রায় চার ঘণ্টা আলোচনা হয়েছে। আলোচনার পরিপ্রেক্ষিতেই রোববার মজুরি বোর্ড গঠনের ঘোষণা দেওয়া হয়েছে।

এর আগে শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন শ্রমমন্ত্রী।

ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে পোশাক কারখানার শ্রমিকদের ধারাবাহিক আন্দোলনের মধ্যেই নতুন মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত নিল সরকার।

এদিকে, একই দাবিতে রোববারও রাজধানীর মিরপুর ও গাজীপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকেরা। তাঁদের আন্দোলনের কারণে বিভিন্ন এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে।

শেয়ার করুনঃ
Advertisement