রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫০৫, উদ্ধার ইয়াবা ও ট্যাপেন্টাডল

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫০৫, উদ্ধার ইয়াবা ও ট্যাপেন্টাডল ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:১৪, ১ নভেম্বর ২০২৬

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে ২ হাজার ৫৮২ পিস ইয়াবা, ৩৯টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, আটটি মোবাইল ফোন এবং নগদ ২৪ হাজার ৭০০ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ১৯টি মামলা করা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় ডিএমপির নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসব গ্রেপ্তার করা হয়। রোববার (১ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযানের বিস্তারিত তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বিভাগভিত্তিক গ্রেপ্তারের সংখ্যায় শীর্ষে রয়েছে মিরপুর। এ বিভাগ থেকে ১২৭ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া উত্তরা বিভাগে ৬৭ জন, তেজগাঁওয়ে ৬৬ জন, লালবাগে ৫৭ জন, ওয়ারীতে ৫৩ জন, গুলশানে ৫০ জন, মতিঝিলে ৪০ জন এবং রমনা বিভাগে ৩৮ জন গ্রেপ্তার হয়েছেন।

অন্যদিকে, ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি) পৃথক অভিযানে আরও সাতজনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

শেয়ার করুনঃ
Advertisement