টাঙ্গাইলে শিশুর ওপর বর্বরতা, সর্বোচ্চ শাস্তির আশ্বাস প্রতিমন্ত্রীর

টাঙ্গাইলে শিশুর ওপর বর্বরতা, সর্বোচ্চ শাস্তির আশ্বাস প্রতিমন্ত্রীর ছবি: সংগৃহীত

টাঙ্গাইল প্রতিনিধি

Published : ১২:২২, ১ নভেম্বর ২০২৬

টাঙ্গাইলে সাড়ে ছয় বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টা, হত্যাচেষ্টা ও গুরুতর জখমের ঘটনায় অভিযুক্ত ব্যক্তির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু। একই সঙ্গে শিশুটির চিকিৎসার যাবতীয় ব্যয় বহনের দায়িত্ব নেওয়ার পাশাপাশি প্রয়োজনে ঢাকায় নিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করার কথাও জানিয়েছেন তিনি।

শনিবার (৩১ অক্টোবর) রাত ১২টার দিকে ঢাকা থেকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে যান প্রতিমন্ত্রী। সেখানে চিকিৎসাধীন শিশুটিকে দেখে তার শারীরিক অবস্থার খোঁজ নেন। এ সময় শিশুটির মা ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গেও কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী শিশুটির সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করার পাশাপাশি চিকিৎসার পুরো খরচ বহনের ঘোষণা দেন তিনি। টাঙ্গাইলে প্রয়োজনীয় চিকিৎসা সম্ভব না হলে রোববারই (১ নভেম্বর) শিশুটিকে ঢাকায় স্থানান্তরের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান।

এ ঘটনায় অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে পুলিশকে নির্দেশ দেন সুলতান সালাউদ্দিন টুকু। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক এবং এতে সবাই ব্যথিত। অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে ইতোমধ্যে আলোচনা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অপরাধ ঠেকাতে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে।

অভিযুক্তকে গ্রেপ্তারের বিষয়ে প্রতিমন্ত্রী জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতোমধ্যে মাঠপর্যায়ে কাজ করছে। দ্রুত সময়ের মধ্যে তাকে গ্রেপ্তার করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

শিশুটির চিকিৎসার বিষয়ে তিনি বলেন, সংসদ সদস্য হিসেবে চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার তিনি বহন করবেন। টাঙ্গাইলে চিকিৎসা দেওয়া সম্ভব না হলে পরদিনই তাকে ঢাকায় নিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে।

প্রতিমন্ত্রী আরও জানান, প্রাথমিকভাবে তিনি জানতে পেরেছেন, এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তি মাদকাসক্ত। টাঙ্গাইলকে মাদকমুক্ত করার পাশাপাশি শহরে অপরাধ কমানো এবং জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

হাসপাতালে প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক আবু সাঈদ, পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এইচ এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী, টাঙ্গাইল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আবু হানিফ এবং টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়াসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা।

এ ছাড়া জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সাবেক সাংগঠনিক সম্পাদক সফিকুর রহমান সফিক, সদর থানা বিএনপির সভাপতি আজগর আলী এবং জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদসহ বিএনপি ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতারা সেখানে উপস্থিত ছিলেন।

ঘটনার সূত্রপাত শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে। টাঙ্গাইল শহরের কেন্দ্রীয় কালীবাড়ি এলাকার একটি ভবনের চতুর্থ তলার নির্জন স্থানে শিশুটিকে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে। পরিবারের দাবি, এ সময় শিশুটি চিৎকার করে এবং বাধা দেওয়ার চেষ্টা করলে বিপ্লব (২২) নামের অভিযুক্ত ব্যক্তি ইট দিয়ে তার মুখ ও নাকে আঘাত করেন। এতে শিশুটি গুরুতর আহত হয়। পরে এক রিকশাচালক তাকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় শনিবার রাতে ধর্ষণচেষ্টা, হত্যাচেষ্টা ও গুরুতর জখমের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুনঃ
Advertisement