সাভার শিল্পাঞ্চলে খুলেছে বেশিরভাগ কারখানা, বন্ধ ৪৯টি

সাভার শিল্পাঞ্চলে খুলেছে বেশিরভাগ কারখানা, বন্ধ ৪৯টি

সাভার প্রতিনিধি:

Published : ১৮:২১, ১৪ সেপ্টেম্বর ২০২৪

ঢাকার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে বেশিরভাগ তৈরি পোশাক কারখানায় কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। তবে আজও বন্ধ রয়েছে ৪৯টি শিল্প কারখানা।

এর মধ্যে সাধারণ ছুটি ১৩টিতে আর শ্রম আইনের ১৩ (১) ধারা মতে ছুটি রয়েছে ৩৬টি কারখানায়।

শনিবার (১৪ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। বাড়ানো হয়েছে নজদারি।

আশুলিয়ার বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের নরসিংহপুর এলাকায় বিভিন্ন কারখানার সামনে সেনাবাহিনী, এপিবিএন ও পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছেন। সড়কে টহল দিচ্ছে সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি ও পুলিশ সদস্যরা।

আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১ জানায়, বন্ধ কারখানাগুলোর অধিকাংশ তৈরি পোশাক কারখানা। তবে বন্ধ কারখানাগুলোর মধ্যে ঔষুধ, চামড়াজাত পণ্য প্রস্তুতসহ বিভিন্ন ধরণের কিছু সংখ্যক কারখানাও রয়েছে। 

শ্রম আইন-২০০৬ এর ১৩ (১) ধারা অনুযায়ী ৩৬ টি কারখানা বন্ধ রয়েছে। এর বাইরে ১৩টি কারখানা বন্ধ ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ।

বাংলাদেশ গামের্ন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, আজকে পরিবেশ অনেকটাই ভালো। ১৩ (১) ধারায় বন্ধ থাকা একটি কারখানায় শ্রমিকরা কাজ না করে বাইরে অপেক্ষা করছে। আর অন্যান্য কারখানায় কাজ চলছে। সবমিলিয়ে আজ পরিস্থিতি ভালো আছে।

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম (এসপি) বলেন, আজকে ৪৯টি কারখানা বন্ধ রয়েছে। এর মধ্যে সাধারণ ছুটি ১৩টিতে আর শ্রম আইনের ১৩ (১) ধারা মতে ছুটি রয়েছে ৩৬টি কারখানা। 

এর আগে ৮৬ টি কারখানা বন্ধ ছিলো। বন্ধ কারখানাগুলোর মধ্যে ঔষুধ, চামড়াজাত পণ্য প্রস্তুতসহ বিভিন্ন ধরণে কারখানাও রয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোনো ব্যারিকেড, বিক্ষোভ নেই কোথাও। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। 

দাবি-দাওয়া নিয়ে কোনো কোনো কারখানায় কারখানায় এসেও কাজ না করে বসে আছে কিছু শ্রমিক। সবমিলিয়ে পরিস্থিতির কোনো অবনতির খবর নেই।

বিডি/ও

শেয়ার করুনঃ
Advertisement