‘শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করছে ৩ পার্বত্য জেলাকে বাংলাদেশ হতে বিচ্ছিন্ন করার’
Published : ২০:১৩, ২১ সেপ্টেম্বর ২০২৪
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় শুরার অন্যতম সদস্য ,ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহ সেক্রেটারি ও ছাত্র শিবিরের সাবেক সভাপতি মো: দেলোয়ার হোসেন বলেছেন, বাংলাদেশের ৩ পার্বত্য জেলায় রক্তের হোলি খেলা শুরু হয়েছে। সেখানে উত্তেজনা শুরু হয়েছে।
খুনি হাসিনা সরকার বিগত ১৫ বছর ধরে ভারতীয় সরকারকে খুশি করে এই দেশকে ভারতের একটি অঙ্গরাজ্য বানানোর স্বপ্ন নিয়ে কাজ করেছে। সেই স্বপ্ন যখন ধুলিসাৎ হয়েছে। সেই স্বপ্ন যখন ভঙ্গ হয়েছে, বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে ভারতে বসে আবার ষড়যন্ত্র করছে। আমাদের ৩ পার্বত্য জেলাকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার জন্য।
আমরা স্পষ্ট করে বলে দিতে চাই ৩ পার্বত্য জেলা নিয়ে কোন ষড়যন্ত্র করবেন না। সেখানে রক্তের কোন হোলি খেলা খেলবেন না। আর কোন ভাইয়ের বুকে গুলি চালাবেন না। যদি কোন ষড়যন্ত্র হয় বাংলাদেশের ১৮ কোটি জনতাকে নিয়ে লংমার্চ করবো। তারপরও ওই তিন পার্বত্য জেলাকে হেফাজত করবো। রক্ষা করবো। বাংলাদেশের সঙ্গে রাখবো ইনশাল্লাহ।
শনিবার (২১ সেপ্টেম্বর) বিকালে ঠাকুরগাঁও সদরের রুহিয়া উচ্চ বিদ্যালয় মাঠে রুহিয়া থানা জামায়াতের আয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহতদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া ও ঐক্য সমাবেশে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে উপরোক্ত কথা বলেন।
তিনি আরও বলেন, বিগত সরকারের সময়ে ঠাকুরগাঁও জেলার মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। ঠাকুরগাঁও বিমান বন্দর চালু হয়নি। এই বিমান বন্দরটি সচল হলে উত্তরাঞ্চলের অর্থনীতি সচল হবে। কাজেই এই সমাবেশ থেকে বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাচ্ছি অবিলম্বে এই বিমান বন্দরটি চালু করতে হবে।
এই বৃহত্তর দিনাজপুর জেলার মানুষ খাদ্য উৎপাদন করে সারাদেশে খাদ্যের যোগান দেয়। এখানে কৃষি উৎপাদন বাড়ানোর জন্য কোন ব্যবস্থা নেই। কাজেই এখান থেকে ঠাকুরগাঁওয়ে একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি জানাচ্ছি।
দেলোয়ার হোসেন আরও বলেন, বিগত আওয়ামী লীগ সরকার দীর্ঘ ১৫ বছরে জামায়াতে ইসলামীর অনেক শীর্ষ নেতাকে ফাসিতে ঝুলিয়ে হত্যা করেছে। কাউকে জেল খানার ভেতরে রেখে হত্যা করেছে। আর কাউকে পাখির মতো গুলি করে হত্যা করেছে। এরপরও জামায়াতে ইসলামী ছিল আছে এবং থাকবে।
রুহিয়া থানা জামায়াতে ইসলামীর আমির আব্দুর রশিদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল হাকিম, নায়েবে আমির বেলাল উদ্দীন প্রধান, জেলা সেক্রেটারি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো: আলমগীর সহ সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দীন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি রাজিউর রহমান রাজু প্রমুখ।
বিডি/এন






























