২৪ জুলাই রুনা লায়লার একক সংগীতানুষ্ঠান, বন্যার্তদের সহায়তায় যাবে টিকিটের অর্থ
Published : ০৩:১১, ২২ জুলাই ২০২৬
উপমহাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লাকে সম্মাননা জানাতে এবং তাঁর একক সংগীতানুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। আগামী ২৪ জুলাই সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে এই বিশেষ আয়োজন।
প্রথমে রুনা লায়লাকে জাতীয়ভাবে সম্মাননা প্রদান করা হবে। এরপর তিনি তাঁর দীর্ঘ সংগীতজীবনের জনপ্রিয় ও কালজয়ী গান পরিবেশন করবেন একক সংগীতানুষ্ঠানে। অনুষ্ঠানটি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হবে।
আয়োজকরা জানিয়েছেন, এই আয়োজনের মূল উদ্দেশ্য শুধু কিংবদন্তি শিল্পীকে সম্মান জানানো নয়, বরং বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানো। অনুষ্ঠানের টিকিট বিক্রি থেকে প্রাপ্ত সম্পূর্ণ অর্থ বন্যার্তদের সহায়তায় ব্যয় করা হবে। দর্শকদের নির্ধারিত মূল্যে টিকিট সংগ্রহ করে এই মানবিক উদ্যোগে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং তথ্য ও সম্প্রচার ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। সভাপতিত্ব করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা।
ছয় দশকেরও বেশি সময়ের সংগীতজীবনে রুনা লায়লা বাংলা, উর্দু, হিন্দি, পাঞ্জাবিসহ ১৮টিরও বেশি ভাষায় ১০ হাজারের বেশি গান গেয়েছেন। তাঁর অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার তাঁকে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করেছে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেছেন একাধিকবার।
এর আগে অনুষ্ঠানটি ১৮ জুলাই আয়োজনের পরিকল্পনা থাকলেও পরে তা পিছিয়ে ২৪ জুলাই নির্ধারণ করা হয়। শিল্পকলা একাডেমি জানিয়েছে, এই আয়োজনের মাধ্যমে একদিকে যেমন দেশের অন্যতম শ্রেষ্ঠ সংগীতশিল্পীকে সম্মান জানানো হবে, অন্যদিকে বন্যাদুর্গত মানুষের জন্য সহায়তা সংগ্রহেও ভূমিকা রাখবে অনুষ্ঠানটি।
































